টেস্ট সিরিজের মূল লড়াই শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ভালো করতে পারলেন না বাংলাদেশের কোনো ব্যাটার। তবে সবার ব্যর্থতার ভিড়ে উজ্জ্বল ব্যতিক্রম মেহেদী হাসান মিরাজ। তিনি করলেন চমৎকার এক সেঞ্চুরি।
একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ২৬৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। দলকে আড়াইশ পার করানোর কারিগর মূলত মিরাজ। অপরাজিত ইনিংসে ১০৯ রান করেন বাংলাদেশের সহ-অধিনায়ক।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অফ স্পিনার কোরি রকিকিওলির অফ স্পিনে কাবু হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন একের পর এক ব্যাটার। মিরাজ ছাড়া বিশের বেশি রান করতে পারেন শুধু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩৭)।
টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খুলতে পারেননি বাঁহাতি ওপেনার। চাপ সামাল দেয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক।
দুজনের জুটি তেমন বড় হয়নি। ১৫তম ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন ৪৭ বলে ৩১ রান করা সাদমান। মুমিনুলের ব্যাট থেকে আসে ১৬ রান। পাঁচ নম্বরে নেমে রানের খাতা খুলতে ব্যর্থ হন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
পঞ্চম উইকেট জুটিতে হাল ধরার চেষ্টা করেন শান্ত ও অমিত হাসান। দুজন মিলে যোগ করেন ৪৪ রান। তবে পরপর দুই ওভারে শান্ত (৫৩ বলে ৩৭) ও অমিত (৬১ বলে ১৫) ফিরে গেলে মাত্র ১১০ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।
পরে প্রতিরোধের আভাস দেন সৌম্য সরকার ও মিরাজ। এই জুটিও ভাঙে পঞ্চাশের আগে। রকিকিওলির বলে বোল্ড হয়ে ফেরেন ১৬ রান করা সৌম্য। তার বিদায়ে থেমে যায় ৪৮ রানের সম্ভাবনাময় জুটি।
তবে পাল্টা আক্রমণের পথ ধরেন মিরাজ। তাকে দারুণ সঙ্গ দেন খালেদ। দুজন মিলে ৭৩ বলে গড়ে তোলেন ৬৯ রানের জুটি। যার সৌজন্যে আড়াইশ পেরিয়ে যায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত জার্সিস ওয়াদিয়ার বলে ক্যাচ দিয়ে ফেরেন ১টি করে চার-ছক্কায় ২৮ বলে ১৫ রান করা খালেদ। অন্য প্রান্তে অপরাজিত থেকে যান ১১ চার ও ৪ ছক্কায় ১৪১ বলে ১০৯ রানের চমৎকার ইনিংস খেলা মিরাজ।
আরও পড়ুন:








