তুরস্কে মোহাম্মদ সালাহর গন্তব্য কি শেষ পর্যন্ত ট্রাবনস্পর? কয়েক সপ্তাহ আগে বেসিকতাসে যোগ দেয়ার গুঞ্জন জোরালো হলেও এবার আলোচনায় উঠে এসেছে টার্কিশ সুপার লিগের আরেক ক্লাব ট্রাবনস্পরের নাম।
তুরস্কের স্বনামধন্য সাংবাদিক ইয়াগিজ সাবুনচুওলুর দাবি, সালাহর প্রতিনিধির সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছে ট্রাবনস্পর। মিশরীয় এই ফরোয়ার্ডকে দুই বছরের জন্য প্রতি মৌসুমে ১ কোটি ৭০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে ক্লাবটি।
প্রতিবেদনে বলা হয়েছে, নীতিগতভাবে ট্রাবনস্পরের প্রস্তাবে আগ্রহী সালাহ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করছেন তিনি। একইসঙ্গে দুই পক্ষের আলোচনাও ইতিবাচকভাবে এগোচ্ছে।
মূল পারিশ্রমিকের বাইরে জার্সি বিক্রির আয়ের ২০ থেকে ২৫ শতাংশ পাওয়ার বিষয়টি নিয়েও দুই পক্ষের আলোচনা চলছে বলে জানা গেছে।
লিভারপুলের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও গত মার্চেই বিদায়ের ঘোষণা দেন মিশরীয় তারকা। ফলে ১ জুলাই থেকে ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাব খুজছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
সালাহকে দলে টানার দৌড়ে ছিল তুরস্কের আরেক ক্লাব বেসিকতাস। জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইস্তাম্বুলের ক্লাবটিতে তার যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছিল। পরে বেসিকতাস সভাপতি সেরদাল আদালিও নিশ্চিত করেন, আলোচনা হয়েছিল।
বেসিকতাসের কর্মকর্তা ওন্ডার ওজেনও জানিয়েছেন, আপাতত সালাহকে দলে নেয়ার আলোচনা বন্ধ রয়েছে। ক্লাবটির পক্ষ থেকে বছরে ১ কোটি ইউরো মূল বেতন এবং অতিরিক্ত ২০ লাখ ইউরো বোনাসের প্রস্তাব দেয়া হয়েছিল। তবে সেই প্রস্তাবে আর কোনো পরিবর্তন আনা হবে না।
পরে ট্রাবনস্পর নতুন করে আলোচনায় এগিয়ে এসেছে। ২০২২ সালে সর্বশেষ লিগ শিরোপা জেতা ক্লাবটি আবারও তুরস্কের শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে দল সাজাচ্ছে।
তবে ট্রাবনস্পরই শেষ পর্যন্ত সালাহর নতুন ঠিকানা হবে কি না, সেটি নির্ভর করছে তার চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। এর বাইরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের এমএলএসের কয়েকটি ক্লাবও সালাহর দলবদলের পরিস্থিতির ওপর নজর রাখছে।
আরও পড়ুন:








