ফুটবল বিশ্বে তীব্র সমালোচনা, ইউরোপীয় ফুটবলের বয়কটের হুমকি এবং নিজ প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধের মুখে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের স্বত্ব বা শেয়ার বেসরকারি খাতে বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করেছে ফিফা। এ তথ্য জানিয়েছে বিবিসি।
শুক্রবার জরুরি এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, প্রস্তাবটি ফুটবল অঙ্গনে তীব্র বিভাজন সৃষ্টি করেছে, যা খেলাটির মূল স্বার্থের পরিপন্থি। এ কারণে সর্বসম্মতিক্রমে পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
প্রস্তাবটি পাস করাতে বিশ্বের ২১১টি সদস্য দেশকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৭২ কোটি টাকা) অনুদানের প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন ইনফান্তিনো। তবে বৃহস্পতিবার ইউরোপের ৫৫টি ফুটবল অ্যাসোসিয়েশনের জোট উয়েফা জানিয়ে দেয়, প্রস্তাবটি অনুমোদিত হলে তারা পরবর্তী বিশ্বকাপ বয়কট করবে।
উয়েফার অবস্থানের পর উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) একই অবস্থান গ্রহণ করে। ফিফার সংবিধান অনুযায়ী কোনো প্রস্তাব পাসের জন্য ১০৬টি ভোটের প্রয়োজন হলেও, এই তিন জোটের সম্মিলিত অবস্থানের ফলে ১৩৬টি ভোট ইনফান্তিনোর প্রস্তাবের বিপক্ষে চলে যায়।
এদিকে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর স্বীকার করেন, প্রকল্পটি নিয়ে ফিফার নিজস্ব প্রশাসনের অনেক কর্মকর্তাকেও অন্ধকারে রাখা হয়েছিল। এর প্রতিবাদে ফিফা সভাপতির বিশ্ব কৌশল ও শাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, “এই প্রস্তাব ফুটবলের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি ফুটবলের ভবিষ্যৎকে বন্ধক রাখার সামিল।”
এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম প্রকাশ্যে মন্তব্য করেন, ইনফান্তিনো ফিফা পরিচালনার জন্য “উপযুক্ত ব্যক্তি নন”।
আগামী ২০২৭ সালের মার্চে ফিফা কংগ্রেসে চতুর্থবারের মতো সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা ৫৬ বছর বয়সী সুইজারল্যান্ডের নাগরিক জিয়ান্নি ইনফান্তিনোর। তবে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ফুটবল সংস্থাগুলোর অভূতপূর্ব ঐক্যবদ্ধ অবস্থানের পর তার পুনর্নির্বাচনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে ইনফান্তিনো জানিয়েছেন, ফুটবল সংশ্লিষ্ট সব পক্ষকে আবার আলোচনার টেবিলে বসিয়ে সমাধানের চেষ্টা করা হবে। তবে আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকদের মতে, এই ঘটনায় ইনফান্তিনোর নেতৃত্ব ও প্রভাব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
আরও পড়ুন:








