২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য ১২টি আয়োজক শহরের নাম চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের সিংহভাগই অনুষ্ঠিত হবে প্রোটিয়াদের দেশে।
দক্ষিণ আফ্রিকার ৮টি নির্বাচিত ভেন্যু শহর হলো—জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, কেপ টাউন, গেবারা, ব্লুমফন্টেইন, পার্ল ও কুগোম্পো সিটি। টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচটি জোহানেসবার্গের ঐতিহাসিক ওয়ান্ডারার্স কিংবা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।
অন্যদিকে, জিম্বাবুয়ের ৩টি শহর—হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলস পেয়েছে আয়োজকের মর্যাদা। দেশটিতে অনুষ্ঠিত হবে ৭ থেকে ১০টি ম্যাচ। এই তালিকাগুলোর মধ্যে একেবারে নতুন সংযোজন চোখ ধাঁধানো ভিক্টোরিয়া ফলস। এছাড়া নামিবিয়ার রাজধানী উইন্ডহকে বিশ্বকাপের অন্তত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
মূল টুর্নামেন্টের আগে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমকে প্রস্তুতি ম্যাচের (ওয়ার্ম-আপ) ভেন্যু হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি আগামী বছরের শুরুর দিকে নামিবিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আয়োজনের দৌড়ে রয়েছে এই দুটি ভেন্যু। উল্লেখ্য, ওই একই সময়ে দক্ষিণ আফ্রিকার মূল ৬টি স্টেডিয়ামে তাদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ ‘এসএ২০’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নামিবিয়ার জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ এই প্রথম সিনিয়র পর্যায়ের কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটি। অবশ্য এর আগে চলতি বছরে জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তাদের।
আইসিসির প্রাথমিক সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের এই মেগা আসর।
আরও পড়ুন:








