বৃহস্পতিবার

৩০ জুলাই, ২০২৬ ১৫ শ্রাবণ, ১৪৩৩

আনচেলত্তির নতুন পরিকল্পনায় ব্রাজিল স্কোয়াড থেকে বাদ তিন খেলোয়াড়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৮:০৩

শেয়ার

আনচেলত্তির নতুন পরিকল্পনায় ব্রাজিল স্কোয়াড থেকে বাদ তিন খেলোয়াড়
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা মিশনের হতাশা কাটিয়ে এখন ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগ দিচ্ছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ পরবর্তী পরিকল্পনায় তিন অভিজ্ঞ খেলোয়াড়কে আর জাতীয় দলের বিবেচনায় নিবেন না বলে জানিয়েছেন তিনি।

নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নেয়ার ২৪ দিন পর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তে-কে দেয়া এক সাক্ষাৎকারে নিজের প্রথম বছরের মূল্যায়ন করেন আনচেলত্তি। বিশ্বকাপে কৌশলগত কিছু ভুলের কথাও স্বীকার করেছেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘এই বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে। নেইমার, দানিলো, কাসেমিরো—বিশ্বকাপে ৩০ বছরের বেশি বয়সী যেসব খেলোয়াড় ছিলেন, তাদের সময় শেষ হয়েছে।’

এই তিনজনের মধ্যে নেইমার জুনিয়র অবশ্য গতকালকেই নিজের অবসরের কথা জানিয়েছেন। দানিলোর বর্তমান বয়স ৩৫ আর কাসেমিরোর ৩৪ বছর বয়স। দুজনের কেউই এখনো অবসরের ঘোষণা দেননি। তবে তাদেরকে যে আর বিবেচনা করবেন না ব্রাজিল কোচ তা এখন স্পষ্ট।

আনচেলত্তির মতে, ব্রাজিলের প্রথম বড় লক্ষ্য হবে ২০২৮ কোপা আমেরিকা। তিনি বলেন,'আমাদের মূল লক্ষ্য এখন ২০২৮ সালের কোপা আমেরিকার জন্য একটি নতুন ও প্রতিযোগিতাপূর্ণ দল তৈরি করা। এমন কিছু নতুন খেলোয়াড় খুঁজে বের করব যারা দ্রুত দলে এসে অবদান রাখতে পারবে। আমি ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপের কথা বলছি না, বরং আমাদের প্রথম লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকাতেই তারা যেন শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে।'

দলে পরিবর্তন নিয়ে আসলেও পুরো দল একসঙ্গে বদলে ফেলার পক্ষপাতী নন আনচেলত্তি, ‘আমি বলছি না যে ২৬ জনের সবাইকে বদলে ফেলব। কিছু অভিজ্ঞ খেলোয়াড় থাকবে, যারা নতুনদের পথ দেখাবে। যেমন মারকিনিওস। ওর মতো খেলোয়াড়দের দলে রাখা গুরুত্বপূর্ণ, যাতে ধারাবাহিকতা বজায় থাকে। তবে মূল লক্ষ্য নতুন প্রজন্মকে গড়ে তোলা।’

বিশ্বকাপ পরবর্তী সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে ৩টি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউন্সভিল ও ব্রিসবেনে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর ভারতে আরেকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল।

এই ম্যাচগুলোতে নতুন মুখদের সুযোগ দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, ‘যাদের সম্পর্কে আমাদের ধারণা কম, সেই নতুন খেলোয়াড়দের দেখে নিতে এই প্রীতি ম্যাচগুলোকে আমাদের কাজে লাগাতে হবে।’

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হারের প্রসঙ্গে আত্মসমালোচনাও করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘হাইড্রেশন বিরতির পর আমি দলের কাঠামো বদলে ফেলেছিলাম। সেখান থেকেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারাই। পরে নেইমারকে নামিয়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে মান বাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা কাজ করেনি।’

ব্রাজিলের খেলার ধরন নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন আনচেলত্তি। তার মতে, বর্তমান স্কোয়াডের বৈশিষ্ট্য অনুযায়ী ব্রাজিলের আরও সরাসরি ও দ্রুতগতির ফুটবল খেলা উচিত।

আনচেলত্তি বলেন, ‘আক্রমণভাগে যখন ভিনিসিউস, এনড্রিক, এস্তেভাও এবং রাফিনিয়ার মতো খেলোয়াড়রা থাকবে, তখন আপনাকে বলের দখল ধরে রাখার খেলায় যেতে হবে না। আমাদের আরও ওপরের দিনে দ্রুত আক্রমণ করার মতো ফুটবল খেলতে হবে।’



banner close
banner close