শনিবার

২৫ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ, ১৪৩৩

সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ২০:৫৪

শেয়ার

সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন
ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হয়েছে।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে লোগো উন্মোচনের পাশাপাশি স্মার্টফোন ব্র্যান্ড টেকনোকে টুর্নামেন্টের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবেও ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ফুটবল আসরের ক্ষণগণনা।

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও টেকনো বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, সাফভুক্ত সাত সদস্য দেশের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা, জাতীয় দলের অধিনায়করা এবং করপোরেট অংশীদাররা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

অনুষ্ঠানের শুরুতে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল টুর্নামেন্টের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি টেকনোকে টুর্নামেন্টের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ফুটবলের বিকাশে শক্তিশালী অংশীদারত্ব সময়ের দাবি। টেকনোর সঙ্গে এই সহযোগিতা টুর্নামেন্টের প্রচার, দর্শক সম্পৃক্ততা এবং বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এরপর বিশেষ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে উন্মোচন করা হয় টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর অফিসিয়াল লোগো। লোগো উন্মোচনের সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় টুর্নামেন্টের প্রচারণা কার্যক্রম।

অনুষ্ঠানে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল এবং টেকনো বাংলাদেশের পক্ষে আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক অফিসিয়াল টাইটেল স্পন্সরশিপ চুক্তি বিনিময় করেন।

অনুষ্ঠানে বাংলাদেশকে স্বাগতিক দেশ হিসেবে তুলে ধরে একটি বিশেষ কিক-অফ অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণকারী সাতটি সদস্য দেশের ফুটবল ঐতিহ্য এবং আসন্ন টুর্নামেন্টের আবহ তুলে ধরা হয়।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। এটি হবে চতুর্থবারের মতো বাংলাদেশের এই টুর্নামেন্ট আয়োজন। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে সাফের আসর বসেছিল ঢাকায়।

২০০৩ সালে ঘরের মাঠে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের ইতিহাসের একমাত্র সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া ১৯৯৯ ও ২০০৫ সালে রানার্সআপ হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতিও শুরু করেছে বাফুফে। সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি নতুন কোচ থমাস ডুলির অধীনে জাতীয় দল দুটি পৃথক প্রস্তুতি ক্যাম্প করবে, যাতে ঘরের মাঠের এই টুর্নামেন্টে শক্তিশালী প্রস্তুতি নিয়েই নামতে পারে বাংলাদেশ।

আগামী ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। তখন জানা যাবে গ্রুপ পর্বে কোন দেশগুলোর বিপক্ষে খেলতে হবে স্বাগতিক বাংলাদেশকে।



banner close
banner close