মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? কেন বিশেষ এবারের আসর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১১:৪৫

শেয়ার

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? কেন বিশেষ এবারের আসর
ছবি সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শেষ হতেই ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের দিকে। এবারের আসরটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এর মধ্য দিয়ে উদযাপিত হবে বিশ্বকাপের শতবর্ষ। সেই উপলক্ষে ইতিহাসে প্রথমবারের মতো ছয়টি দেশ ও তিনটি মহাদেশে অনুষ্ঠিত হবে ফুটবলের সর্বোচ্চ এই আসর।

ফিফার প্রস্তাবিত সূচি অনুযায়ী, শতবর্ষ উদযাপনের বিশেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ ও ৯ জুন উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর ১৩ ও ১৪ জুন মরক্কো, পর্তুগাল ও স্পেনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান এবং মূল পর্বের ম্যাচ।

বিশ্বকাপের ফাইনাল ২১ জুলাই ২০৩০ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফিফা এখনো পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

২০৩০ বিশ্বকাপের প্রধান আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে একটি করে গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করবে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনের স্বীকৃতি হিসেবে উরুগুয়েকে একটি ম্যাচ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সদর দপ্তর প্যারাগুয়েতে হওয়ায় দেশটিও একটি ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে।

ফলে এটিই হবে পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম আসর, যা ছয়টি দেশ ও তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে।

কারা নিশ্চিত করেছে অংশগ্রহণ?

আয়োজক হওয়ায় ইতোমধ্যে ছয়টি দেশ ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। দেশগুলো হলো স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

অবশিষ্ট ৪২টি স্থান মহাদেশভিত্তিক বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে।

৪৮ দলই থাকছে, নাকি হবে ৬৪?

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের মতো ২০৩০ আসরেও ৪৮টি দল অংশ নেবে।

তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ভবিষ্যতে বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের একটি প্রস্তাব আলোচনা করা হবে। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এরপর কোথায় বিশ্বকাপ?

পরবর্তী পুরুষদের ফিফা বিশ্বকাপ ২০৩৪ সালে অনুষ্ঠিত হবে সৌদি আরবে। ২০২৪ সালের ডিসেম্বরে ফিফা দেশটিকে আনুষ্ঠানিকভাবে আয়োজক ঘোষণা করে। তবে সেই আসরের সূচি ও ম্যাচের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।



banner close
banner close