রবিবার

১২ জুলাই, ২০২৬ ২৮ আষাঢ়, ১৪৩৩

ম্যাক অ্যালিস্টারের গোলে বিরতিতে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ০৮:০১

আপডেট: ১২ জুলাই, ২০২৬ ০৮:০৫

শেয়ার

ম্যাক অ্যালিস্টারের গোলে বিরতিতে এগিয়ে আর্জেন্টিনা
ছবি সংগৃহীত

লিওনেল মেসির অ্যাসিস্টে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের একমাত্র গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধ শেষে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইজারল্যান্ড। প্রথম কয়েক মিনিটে একাধিকবার আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করলেও পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

প্রথম বড় সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। নবম মিনিটে গনজালো মন্টিয়েলের আক্রমণের পর ফিরতি বলে কর্নার আদায় করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেই কর্নার থেকেই আসে ম্যাচের একমাত্র গোল। ১০ম মিনিটে লিওনেল মেসির কর্নারে দুর্দান্ত হেডে বল জালে পাঠান ম্যাক অ্যালিস্টার।

এটি চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার দ্রুততম গোল। একই সঙ্গে টুর্নামেন্টে প্রথমবারের মতো পিছিয়ে পড়ে সুইজারল্যান্ড।

গোলের পরও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ১৬তম মিনিটে মেসি একক নৈপুণ্যে ডি-বক্সের কাছাকাছি পৌঁছালেও শেষ মুহূর্তে বলের নিয়ন্ত্রণ হারান। অন্যদিকে ৩১তম মিনিটে ব্রিল এমবলোকে ডি-বক্সের বাইরে বেরিয়ে এসে স্লাইড করে বিপদমুক্ত করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

৩৪তম মিনিটে কর্নার এবং পরে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেলেও সমতায় ফিরতে পারেনি সুইজারল্যান্ড। রেমো ফ্রয়লারের ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধের ২৩ মিনিটে দেওয়া হাইড্রেশন বিরতির সময় বল দখলে সামান্য এগিয়ে ছিল সুইজারল্যান্ড। তবে দুই দলই তিনটি করে শট নেয় এবং লক্ষ্যে রাখতে পারে একটি করে।

ম্যাচের ৪৪তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসকে পেছন থেকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন সুইজারল্যান্ডের ব্রিল এমবলো।

এদিকে ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে নতুন একটি কীর্তিও গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে তাঁর মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০, যা ১৯৬৬ সালের পর থেকে সর্বোচ্চ। এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৫টি গোলে অবদান রেখে এই তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক।



banner close
banner close