কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। বৃহস্পতিবার বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধের দুই গোলেই জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল।
প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ফ্রান্স। ম্যাচের শুরুতেই এমবাপের শট কর্নারের বিনিময়ে রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনু। এরপর দায়ো উপমেকানোর হেডও দারুণ দক্ষতায় প্রতিহত করেন তিনি। ২৫ মিনিটে এমবাপের নেওয়া পেনাল্টিও ঠেকিয়ে দেন বোনু। এই সেভের মাধ্যমে বিশ্বকাপে মোট চারটি পেনাল্টি রুখে ১৯৬৬ সালের পর সর্বোচ্চ পেনাল্টি সেভের রেকর্ড গড়েন তিনি।
বিরতির পর ৬০ মিনিটে ম্যাচের জট খোলেন এমবাপে। দুয়ের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। ছয় মিনিট পর এমবাপের অ্যাসিস্টে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে।
ম্যাচে পিছিয়ে পড়ার পরও কার্যকর কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি মরক্কো। ৮৩ মিনিটে আজজেদিন উনাহির শট ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনান রুখে দিলে ম্যাচে ফেরার শেষ সুযোগও হাতছাড়া হয় আফ্রিকান দলটির।
এই জয়ে চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। একই সঙ্গে টুর্নামেন্টে নিজের অষ্টম গোল করে লিওনেল মেসির সমান গোলসংখ্যায় পৌঁছেছেন কিলিয়ান এমবাপে। অন্যদিকে পাঁচ গোল নিয়ে টুর্নামেন্টে নিজের দারুণ ফর্ম ধরে রেখেছেন উসমান দেম্বেলে।
কাতার বিশ্বকাপের সেমিফাইনালের মতো এবারও মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল ফ্রান্স। ফলে কোয়ার্টার ফাইনাল থেকেই শেষ হলো আফ্রিকার প্রতিনিধিদের বিশ্বকাপ অভিযান।
আরও পড়ুন:








