বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

টাইব্রেকারে জিতে শেষ আটে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ০৫:০০

আপডেট: ৮ জুলাই, ২০২৬ ০৭:৩৫

শেয়ার

টাইব্রেকারে জিতে শেষ আটে সুইজারল্যান্ড
ছবি সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। মঙ্গলবার রাতে কানাডার ভ্যানকুভার স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় সুইসরা। ফলে শেষ আটে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

এই জয়ে ১৯৫৪ বিশ্বকাপের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সুইজারল্যান্ড। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ চারে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে তারা। এর আগে শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও দুই গোলকিপারের দুর্দান্ত নৈপুণ্যে কোনো দলই গোলের দেখা পায়নি। একের পর এক অসাধারণ সেভ করে ম্যাচসেরার পুরস্কার জেতেন সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল।

২১তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করে কলম্বিয়া। বক্সের সামনে থেকে গুস্তাভো পুয়ের্তার বাঁকানো শট জালে জড়াতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে লাফিয়ে বল বাইরে ঠেলে দেন কোবেল। এরপর হামেস রদ্রিগেজের কর্নার থেকেও বিপদমুক্ত করেন তিনি।

প্রথমার্ধের পানি পান বিরতির পর ছন্দে ফেরে সুইজারল্যান্ড। ৩১তম মিনিটে ফ্যাবিয়ান রাইডার গোলের সুবর্ণ সুযোগ পেলেও কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন।

বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ায় সুইসরা। ৫১তম মিনিটে রাইডার সানচেজের ট্যাকলে পড়ে গিয়ে আবার উঠে জোরালো শট নিলেও বল সাইড-নেটে লাগে।

অন্যদিকে ৬৩তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কলম্বিয়ার লুইস সুয়ারেজ। কাছের পোস্ট প্রায় ফাঁকা পেয়েও তাঁর শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচের সেরা সুযোগ নষ্ট করে সুইজারল্যান্ড। ম্যানুয়েল আকানজির থ্রু বলে ড্যান এনডয়ে গোলরক্ষককে পরাস্ত করার সুযোগ পেলেও তাঁর শট গোলপোস্টের সামনে দিয়ে বাইরে চলে যায়।

নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শুরু থেকেই চাপ সৃষ্টি করে কলম্বিয়া। ১০১তম মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড কাম্পাজের নিচু শট দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করে সুইজারল্যান্ডকে রক্ষা করেন কোবেল।

অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। এখন শেষ চারে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।



banner close
banner close