বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গত ম্যাচের একাদশের থেকে তিনটি পরিবর্তন এনে আজ মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো। কেপ ভার্দের বিপক্ষে তার জায়গায় খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে পেশিতে টান পড়ায় আজকের ম্যাচে বেঞ্চ থেকেই শুরু করতে হচ্ছে তাকে।
আক্রমণভাগেও এসেছে পরিবর্তন। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাওতারো মার্তিনেজকে বেঞ্চে রেখে সুযোগ দেয়া হয়েছে হুলিয়ান আলভারেজকে। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও শেষ ৩২-এর ম্যাচে প্রত্যাশিত ছন্দে ছিলেন না লাওতারো। অন্যদিকে বাঁ পায়ের গোড়ালির চোট থেকে সেরে উঠেই একাদশে ফিরেছেন আলভারেজ।
তৃতীয় পরিবর্তনটি মাঝমাঠে। কেপ ভার্দের বিপক্ষে মিডফিল্ডে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও ছন্দের অভাব ছিল আর্জেন্টিনার খেলায়। সেই জায়গা শক্ত করতে আজ শুরু থেকেই খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখানো এই মিডফিল্ডারকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
আরও পড়ুন:








