মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ০৮:১০

শেয়ার

যুক্তরাষ্ট্রকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
ছবি সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। অন্যদিকে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৭ জুলাই)। সিয়াটল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে আক্রমণে আধিপত্য দেখায় বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের জোড়া গোলে প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল রেড ডেভিলসরা।

বিরতি থেকে ফিরে বেলজিয়ামের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে যুক্তরাষ্ট্র। সমতায় ফিরতে মরিয়া দলটি নিজেদের ভুলে উল্টো গোল হজম করে বসে।

ম্যাচের ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে বল ক্লিয়ার করতে এগিয়ে আসেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজ। কিন্তু বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন তিনি। সেই সুযোগে বল কেড়ে নেন কেটেলারে। এরপর বল পেয়ে শট নেন হান্স ভানাকেন। যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিম তা ঠেকানোর চেষ্টা করলেও সফল হননি। ফলে বল গড়িয়ে জালে জড়িয়ে যায়। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।,

ম্যাচের ৭৯ মিনিটে পাল্টা আক্রমণে উঠে ভালো সুযোগ তৈরি করে যুক্তরাষ্ট্র। বক্সের বাইরে মাঝামাঝি জায়গায় বল পেয়ে জোরালো শট নেন বারহাল্টার। তবে তার প্রচেষ্টা সামান্য ব্যবধানে লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে চলে যায়।

কিছুক্ষণ পর আবারও গোলের সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। বেলজিয়ামের ডিফেন্ডার পিছলে পড়লে সেই সুযোগ কাজে লাগিয়ে বল নিয়ে দ্রুত এগিয়ে যান ফোলারিন বালোগান। সামনে তখন শুধু গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে কঠিন কোণ থেকে নেওয়া তার শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক।,

ম্যাচের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩) যুক্তরাষ্ট্রের শেষ আশাটুকুও শেষ করে দেন রোমেলু লুকাকু। বক্সের বাঁ দিকে ক্রিশ্চিয়ান রিচার্ডসের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত সামনে এগিয়ে যান তিনি। এরপর দূরের পোস্ট লক্ষ্য করে শক্তিশালী শটে বল জালে পাঠান বেলজিয়ামের এই তারকা স্ট্রাইকার।

লুকাকুর গোলে ব্যবধান দাঁড়ায় ৪-১। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বেলজিয়াম। আর বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নেয় সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।,



banner close
banner close