সোমবার

৬ জুলাই, ২০২৬ ২২ আষাঢ়, ১৪৩৩

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, কোয়ার্টার ফাইনালে নরওয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ০৪:২০

আপডেট: ৬ জুলাই, ২০২৬ ০৭:০৭

শেয়ার

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, কোয়ার্টার ফাইনালে নরওয়ে
ছবি সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলেই ইউরোপের দলটি জয় নিশ্চিত করে। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও নাটকীয় প্রত্যাবর্তনের জন্য পর্যাপ্ত সময় পায়নি সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেললেও প্রথম বড় সুযোগ পায় ব্রাজিল। ১১ মিনিটে বক্সের ভেতর মাতেউস কুনিয়াকে ফাউল করেন ক্রিস্টোফার আয়ের। প্রথমে রেফারি পেনাল্টির বাঁশি না বাজালেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করে স্পট কিকের নির্দেশ দেন।

তবে ১৪ মিনিটে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারাইস। তাঁর নেওয়া শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

এর চার মিনিট পর নরওয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ২৬ মিনিটে হাইড্রেশন ব্রেক পর্যন্ত ওপেন প্লেতে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দল।

৪০ মিনিটে মার্টিন ওডেগার্ডের ভুলে বল পেয়ে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে নিল্যান্ড আবারও অসাধারণ সেভ করে নরওয়েকে রক্ষা করেন। প্রথমার্ধের শেষ দিকে আর্লিং হালান্ডের নিখুঁত পাস থেকে গোলের সুযোগ পান মার্টিন ওডেগার্ড, কিন্তু ব্রাজিলকে বিপদমুক্ত রাখেন গোলরক্ষক আলিসন।

গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ হলেও বিরতির আগে একটি পরিসংখ্যান ব্রাজিলকে হতাশ করে। বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) গত ৪০ বছরে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নরওয়ে দুটি পরিবর্তন আনে। আলেক্সান্ডার সরলথ ও আন্তোনিও নুসার পরিবর্তে মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ। অন্যদিকে ৫৮ মিনিটে গোলের খোঁজে মাতেউস কুনিয়ার বদলে এনদ্রিককে নামান ব্রাজিলের কোচ।

মাঠে নেমেই গোলের সেরা সুযোগ পান এনদ্রিক। ৬০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাসে গোলরক্ষককে একা পেয়েও তিনি বল জালে পাঠাতে ব্যর্থ হন।

৬২ মিনিটে রায়ানের দূরপাল্লার শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নিল্যান্ড। এরপর হাইড্রেশন ব্রেকের আগে রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পরিবর্তে নেইমার ও দানিলোকে মাঠে নামানো হয়।

ম্যাচের ৭৯ মিনিটে দুর্দান্ত এক হেডে ব্রাজিলের জালে বল পাঠিয়ে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি ছিল হালান্ডের সপ্তম গোল। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি স্পর্শ করেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে।

ম্যাচের একেবারে শেষ দিকে কাসেমিরো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ২-১ করেন নেইমার। তবে ততক্ষণে ম্যাচে ফেরার মতো সময় ছিল না ব্রাজিলের।

শেষ পর্যন্ত আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। অন্যদিকে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।



banner close
banner close