বুধবার

১ জুলাই, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ২২:১৭

আপডেট: ৩০ জুন, ২০২৬ ২২:২৯

শেয়ার

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা
ছবি সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্ব চলাকালীন টাইব্রেকারের নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েও শেষ পর্যন্ত তা থেকে সরে এসেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। ফুটবলের নিয়মকানুন নির্ধারণী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে জরুরি আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চলমান বিশ্বকাপে পেনাল্টি শুটআউটের ক্ষেত্রে বর্তমান প্রচলিত নিয়মই বহাল থাকছে।

ফিফার প্রস্তাবিত নতুন নিয়মে টাইব্রেকারের আগে দুই দলের অধিনায়কের মধ্যে মাত্র একবার টস করার কথা বলা হয়েছিল। ওই প্রস্তাবে উল্লেখ ছিল, টসে বিজয়ী অধিনায়ক সিদ্ধান্ত নেবেন তার দল আগে শট নেবে নাকি কোন পাশের পোস্টে শট নেওয়া হবে। অন্যদিকে টসে পরাজিত অধিনায়ক বাকি থাকা বিকল্পটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। বর্তমানে প্রচলিত নিয়মে কোন পোস্টে শট নেওয়া হবে এবং কোন দল আগে শট নেবে, তা নির্ধারণে দুটি পৃথক টস করা হয়।

ফিফার পক্ষ থেকে এই পরিবর্তনের স্বপক্ষে যুক্তি দেওয়া হয়েছিল যে, এর ফলে টাইব্রেকার প্রক্রিয়াটি আরও নিখুঁত ও নিরপেক্ষ হবে এবং কোনো দলই একসঙ্গে দুবার টস জিতে বাড়তি সুবিধা পাবে না। তবে বিশ্বকাপের মতো একটি উচ্চপর্যায়ের আসরের মাঝপথে হুট করে এমন বড় পরিবর্তন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। 'দ্য অ্যাথলেটিক'-এর প্রতিবেদন অনুযায়ী, আইএফএবি-র আপত্তির মুখে ফিফার এই আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি।

বিবিসি-র ফুটবল বিশ্লেষক ডেল জনসনের তথ্যমতে, আইএফএবি প্রাথমিকভাবে একক টসের এই নিয়মটি পরীক্ষামূলকভাবে গ্রহণে রাজি হয়েছে। তবে চলতি বিশ্বকাপের নকআউট পর্বে নয়, বরং ভবিষ্যতের অন্য কোনো টুর্নামেন্টে এটি প্রয়োগ করে দেখা হতে পারে। এর ফলে চলমান বিশ্বকাপের নকআউট পর্বের কোনো ম্যাচ টাইব্রেকারে গড়ালে আগের নিয়ম অনুযায়ীই দুবার টস করা হবে। প্রথম টসের মাধ্যমে শট নেওয়ার ক্রম এবং দ্বিতীয় টসের মাধ্যমে মাঠের প্রান্ত বা পোস্ট নির্ধারিত হবে।

এদিকে মাঠের লড়াইয়ে ৪৮ দলের এই বিশ্বকাপ এখন রাউন্ড অব ৩২-এর উত্তেজনায় মুখর। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে কানাডা। খেলার শেষ মুহূর্তে স্টিফেন ইউস্তাকিও জয়সূচক গোলটি করেন। অন্যদিকে হিউস্টনে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির শেষ মুহূর্তের লক্ষ্যভেদে অতিরিক্ত সময়ের লড়াই এড়িয়ে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

টাইব্রেকারে টসের গুরুত্ব প্রসঙ্গে প্রতিবেদনে সাম্প্রতিক কিছু উদাহরণ টেনে আনা হয়েছে। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল দুটি টসেই পিএসজির কাছে হেরেছিল, যেখানে গ্যাব্রিয়েল মাগালাইসের নেওয়া শেষ শটটি লক্ষ্যভ্রষ্ট হলে শিরোপা জেতে প্যারিসের ক্লাবটি। এ ছাড়া ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা টসে জিতে নিজেদের হাজার হাজার সমর্থকদের গ্যালারির সামনের পোস্টে শট নেওয়ার মানসিক সুবিধা পেয়েছিল। যদিও ফ্রান্সের তৎকালীন অধিনায়ক হুগো লরিস একটি টস জিতে আগে শট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে জয়ী হয়ে শিরোপা অর্জন করে আর্জেন্টিনা।



banner close
banner close