নকআউট পর্বে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেয়েছে আর্জেন্টিনা দল। হাঁটুর চোট কাটিয়ে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অন্যতম ভরসা ক্রিশ্চিয়ান রোমেরো। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী শনিবার (৪ জুলাই) শেষ ষোলোর লড়াইয়েই মাঠে নামতে পারেন এই সেন্টার ব্যাক।
বাংলাদেশ সময় আগামী শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রোমেরোর ফেরাকে কোচ লিওনেল স্কালোনির জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পাওয়ায় শুরুর একাদশেই তাকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন ২৮ বছর বয়সী রোমেরো। ওই ম্যাচের ৫৭তম মিনিটে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সেই চোটের কারণে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল আলবিসেলেস্তেদের। রোমেরোর অনুপস্থিতিতে ওই ম্যাচে রক্ষণ সামলান অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি। তবে তাকে ছাড়াও ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপ পর্বের শতভাগ সাফল্য নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
জর্ডান ম্যাচের পরপরই কোচ স্কালোনি জানিয়েছিলেন যে নকআউট পর্ব শুরু হওয়ার আগেই রোমেরোকে ফিরে পাওয়ার আশা করছেন তিনি। কোচের সেই প্রত্যাশা পূরণ করে ক্যানসাস সিটিতে একদিনের বিশ্রাম শেষে সোমবার (২৯ জুন) দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন এই ডিফেন্ডার। অনুশীলনে তাকে স্বাভাবিক ছন্দেই দেখা গেছে, যা তার ম্যাচে ফেরার ইতিবাচক সংকেত দিচ্ছে।
আর্জেন্টিনার রক্ষণভাগে গত কয়েক বছর ধরে অন্যতম আস্থার নাম হয়ে উঠেছেন ক্রিশ্চিয়ান রোমেরো। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি পেছন থেকে আক্রমণ গড়ে তুলতেও তিনি কার্যকর ভূমিকা পালন করেন। নকআউট পর্বের মরণ-বাঁচন লড়াইয়ের আগে তার ফেরা দলের আত্মবিশ্বাস ও শক্তিতে নতুন মাত্রা যোগ করেছে। টানা তিন জয়ে উড়তে থাকা আর্জেন্টিনার সামনে এখন কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য।
আরও পড়ুন:








