কাই হাভার্টজ মূল ম্যাচে গোল করে জার্মানিকে বাঁচিয়েছিলেন। কিন্তু টাইব্রেকারে প্রথম শট মিস করে শেষ পর্যন্ত হতাশার কারণও হয়ে দাঁড়ান তিনি। নাটকীয় পেনাল্টি শুটআউটে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে।
বোস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে দুই দল ১-১ গোলে সমতায় ছিল। এরপর ছয় শটের টাইব্রেকারে জয় নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম টাইব্রেকারে পরাজয়ের স্বাদ পেল জার্মানি। অন্যদিকে ২০১০ সালের পর আবারও টাইব্রেকারে জয়ের আনন্দে ভাসল প্যারাগুয়ে।
শেষ ষোলোর পরবর্তী ম্যাচে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার লড়াইয়ের বিজয়ীর মুখোমুখি হবে প্যারাগুয়ে।
টাইব্রেকারের শুরুতেই হাভার্টজের নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। এরপর মাউরিসিও মাগালায়েস গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন। জার্মানির জশুয়া কিমিখ গোল করলেও প্যারাগুয়ের হয়ে সফল হন গুস্তাভো গোমেস।
তৃতীয় শটে জার্মানির জামাল মুসিয়ালা এবং প্যারাগুয়ের মাতিয়াস গালারজা দুজনই লক্ষ্যভেদ করেন। তবে চতুর্থ শটে নিক ভোল্টেমেডের প্রচেষ্টা রুখে দিয়ে জার্মানিকে বড় চাপে ফেলে দেন গিল। যদিও অ্যান্তোনিও সানাব্রিয়া জয়সূচক সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচে উত্তেজনা বজায় থাকে।
পঞ্চম শটে নাদিয়েম আমিরি গোল করে জার্মানিকে লড়াইয়ে রাখেন। এরপর ম্যানুয়েল নয়্যার ফাবিয়ান বালবুয়েনার শট ঠেকিয়ে আশা জাগান। কিন্তু ষষ্ঠ শটে জনাথন তাহ বল বারের অনেক ওপর দিয়ে মারলে আবারও সুযোগ পায় প্যারাগুয়ে। এবার আর ভুল করেননি হোসে কানালেস। তার জোরালো শটে কোনো প্রতিরোধ গড়তে পারেননি নয়্যার।
এর আগে ম্যাচের প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল জার্মানির। কিন্তু গোল পায় প্যারাগুয়ে। ৪২তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে মাতিয়াস গালারজার ক্রসে হেড করে জালে বল পাঠান হুলিও এনসিসো। ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে এটি ছিল প্যারাগুয়ের ইতিহাসের প্রথম গোল।
বিরতির পর ৫৪তম মিনিটে সমতা ফেরায় জার্মানি। ফ্লোরিয়ান ভির্তসের নিখুঁত ক্রসে হেড করে গোল করেন হাভার্টজ। চলতি বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল।
ম্যাচের ৭৮তম মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন হাভার্টজ। তবে তার কাছ থেকে দুর্দান্ত সেভে প্যারাগুয়েকে রক্ষা করেন অরল্যান্ডো গিল। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তগুলোতেও উভয় দল সুযোগ তৈরি করলেও আর গোল আসেনি।
অতিরিক্ত সময়ে আক্রমণের ধার বাড়ায় জার্মানি। ১০২তম মিনিটে নাথানিয়েল ব্রাউনের ক্রস থেকে জনাথন তাহ হেডে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, কর্নার নেওয়ার আগে প্যারাগুয়ের গোলরক্ষক গিলকে ফাউল করেছিলেন ওয়াল্ডেমার আন্তন। ফলে গোল বাতিল করেন রেফারি।
সেই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানালে জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান হলুদ কার্ড দেখেন। অতিরিক্ত সময়ের শেষ ভাগেও হাভার্টজের আরেকটি হেড রুখে দেন গিল।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক অরল্যান্ডো গিলের অনবদ্য নৈপুণ্য আর জার্মানদের ব্যর্থতাই গড়ে দেয় পার্থক্য। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হতাশায় ডুবিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে প্যারাগুয়ে।
আরও পড়ুন:








