সোমবার

২৯ জুন, ২০২৬ ১৫ আষাঢ়, ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ০৭:০৯

শেয়ার

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা
ছবি সংগৃহীত

লস অ্যাঞ্জেলেস, রোববার (২৯ জুন): গোলকিপার রনওয়েন উইলিয়ামসের দুর্দান্ত পারফরম্যান্সেও শেষ রক্ষা হয়নি দক্ষিণ আফ্রিকার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্টিভেন ইউস্টাকিওর একমাত্র গোলে স্বাগতিক কানাডার কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রোটিয়ারা। এই জয়ে নকআউট পর্বের প্রথম ম্যাচ পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা।

বাংলাদেশ সময় রোববার রাত একটায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচজুড়ে দক্ষিণ আফ্রিকা বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণভাগে বেশি কার্যকর ছিল কানাডা। স্বাগতিকরা দক্ষিণ আফ্রিকার গোলমুখে ১২টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। তবে দীর্ঘ সময় উইলিয়ামসের দৃঢ়তায় গোলশূন্যই ছিল ম্যাচ।

২২তম মিনিটে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পায় কানাডা। ফ্রি-কিক থেকে স্টিভেন ইউস্টাকিওর নিখুঁত ক্রসে সম্পূর্ণ ফাঁকায় হেড করার সুযোগ পান ডেরেক কর্নেলিয়াস। কিন্তু তার হেডটি ঠিকভাবে সংযোগ না হওয়ায় বল সরাসরি উইলিয়ামসের হাতে চলে যায়।

৩৬তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার এমবোকাজির ভুল পাস থেকে আরেকটি সুযোগ তৈরি করে কানাডা। দ্রুত পাল্টা আক্রমণে উঠলেও শেষ মুহূর্তে সঠিক পাস দিতে ব্যর্থ হওয়ায় গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে তৈরি হওয়া একাধিক সুযোগে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ও গোলকিপার উইলিয়ামস অসাধারণ দৃঢ়তা দেখান। মোমবিতোর হেড এবং পরে বুকাননের কাছ থেকে আসা শট দুটিই প্রতিহত করেন তারা। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও কানাডার আক্রমণ অব্যাহত থাকে। ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের শট পা বাড়িয়ে ঠেকিয়ে দেন উইলিয়ামস। ফিরতি বল থেকেও গোল হতে দেননি দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডাররা।

ম্যাচের নির্ধারিত সময়জুড়ে একের পর এক সেভ করে দলকে লড়াইয়ে রাখেন উইলিয়ামস। ম্যাচটি যখন অতিরিক্ত সময়ে গড়ানোর পথে, তখনই আসে সিদ্ধান্তসূচক মুহূর্ত।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে জনস্টনের ক্রস দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডাররা ক্লিয়ার করলেও বল গিয়ে পড়ে ডি-বক্সের মাথায় থাকা স্টিভেন ইউস্টাকিওর কাছে। সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করে নিচের কোণায় নিখুঁত শট নেন তিনি। উইলিয়ামস চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।

ইউস্টাকিওর সেই গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নেয় কানাডা। বিশ্বকাপে নিজেদের প্রথম গোল করেই দলকে শেষ ষোলোয় তোলার নায়ক বনে যান তিনি। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয় দক্ষিণ আফ্রিকাকে।



banner close
banner close