রবিবার

২৮ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

৪৮ দলের বিশ্বকাপে শুরু হচ্ছে শেষ বত্রিশের লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৮:০১

শেয়ার

৪৮ দলের বিশ্বকাপে শুরু হচ্ছে শেষ বত্রিশের লড়াই
ছবি সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের নতুন ফরম্যাটে গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। ১২টি গ্রুপের খেলা শেষে নির্ধারিত হয়েছে নকআউট বা শেষ বত্রিশের দলগুলো। এবারের আসরে দল সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগের মতো শেষ ষোলোর পরিবর্তে নকআউট পর্ব শুরু হচ্ছে শেষ বত্রিশ দিয়ে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল এই ধাপে জায়গা করে নিয়েছে।

এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচে জয় পেয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে মেক্সিকো, আর্জেন্টিনা ও ফ্রান্স। তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে এবং কানাডা রানার্সআপ হিসেবে নকআউটে পা রেখেছে। সূচি অনুযায়ী নকআউট পর্বের প্রথম দিনেই মাঠে নামছে আয়োজক দেশ কানাডা। লস অ্যাঞ্জেলেসে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

নকআউট পর্বের সূচিতে বেশ কিছু বড় লড়াইয়ের আভাস পাওয়া গেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। আর্জেন্টিনা খেলবে টুর্নামেন্টের চমক কেপ ভার্দের বিপক্ষে এবং ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন। ইংল্যান্ড মোকাবিলা করবে ডিআর কঙ্গোকে। ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া একে অপরের মুখোমুখি হচ্ছে। এছাড়া নেদারল্যান্ডস ও মরক্কোর লড়াই নিয়ে ফুটবল বিশ্বে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। স্পেন বনাম অস্ট্রিয়া এবং জার্মানি বনাম প্যারাগুয়ের ম্যাচগুলোও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

নকআউট পর্বের সূচি অনুযায়ী, রবিবার (২৮ জুন) লস অ্যাঞ্জেলেসে রাত ১টায় প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কানাডা। সোমবার (২৯ জুন) হিউস্টনে রাত ১১টায় ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে এবং রাত ২টা ৩০ মিনিটে বোস্টনে জার্মানির মোকাবিলা করবে প্যারাগুয়ে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টায় গুয়াদালাহারায় নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো। একই দিন রাত ১১টায় ডালাসে আইভরি কোস্ট ও নরওয়ে এবং রাত ৩টায় নিউ জার্সিতে ফ্রান্স ও সুইডেন খেলবে।

বুধবার (১ জুলাই) মেক্সিকো সিটি ও আটলান্টায় পৃথক ম্যাচে মেক্সিকো বনাম ইকুয়েডর এবং ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো মুখোমুখি হবে। এদিন রাত ২টায় সিয়াটলে বেলজিয়াম ও সেনেগালের লড়াই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া এবং রাত ১টায় লস অ্যাঞ্জেলেসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া।

শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টায় টরন্টোতে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া এবং সকাল ৯টায় ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড বনাম আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন রাত ১২টায় ডালাসে অস্ট্রেলিয়া ও মিসর লড়াই করবে। শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মিয়ামিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে এবং সকাল ৭টা ৩০ মিনিটে কানসাস সিটিতে কলম্বিয়া বনাম ঘানা ম্যাচ দিয়ে শেষ বত্রিশের লড়াই সম্পন্ন হবে। নকআউটের এই পর্বে বিজয়ী দলগুলো পরবর্তী ধাপে উন্নীত হবে এবং পরাজিত দলগুলো আসর থেকে বিদায় নেবে।



banner close
banner close