রবিবার

২৮ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

ঘানাকে হারিয়ে শেষ ৩২-এ ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ০৭:৪০

শেয়ার

ঘানাকে হারিয়ে শেষ ৩২-এ ক্রোয়েশিয়া
ছবি সংগৃহীত

গ্রুপ পর্বে শুরুর হারের ধাক্কা কাটিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে লুকা মদরিচের দল।

এই জয়ে ‘এল’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে ক্রোয়েশিয়া। তিন ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। একই গ্রুপে পানামাকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে ঘানা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। বল দখল ও আক্রমণে সমানতালে লড়াই হলেও অভিজ্ঞতার সুবিধা কাজে লাগিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় ক্রোয়েশিয়া।

৩১তম মিনিটে পেতার সুচিচের গোলে এগিয়ে যায় ক্রোয়াটরা। বক্সের বাইরে থেকে নেওয়া তার নিচু ও শক্তিশালী শট ঠেকাতে ব্যর্থ হন ঘানার গোলরক্ষক। এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্রোয়েশিয়া।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ঘানা। ম্যাচের ৭৩তম মিনিটে ফ্রি-কিক থেকে আসা বলে ডেরিক লুকাসেন দুর্দান্ত এক ভলিতে জাল খুঁজে নেন। ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি।

সমতায় ফেরার পর ম্যাচে ফেরার আশা জাগে ঘানার। তবে ৮৩তম মিনিটে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। লুকা মদরিচের কর্নার থেকে নিকোলা ভ্লাসিচের হেড পোস্টে লেগে জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।

ম্যাচের শেষদিকে সমতায় ফেরার চেষ্টা চালায় ঘানা। যোগ করা সময়ের শেষ মিনিটে আবদুল ফাতাউর শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে গেলে সমতার সুযোগ হাতছাড়া হয় আফ্রিকার প্রতিনিধিদের।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া এবং নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।



banner close
banner close