বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়ার পরপরই স্কটল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন স্টিভ ক্লার্ক। শনিবার রাতে অন্য গ্রুপে ঘানা চার পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উত্তীর্ণ হওয়ায় স্কটল্যান্ডের সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। এর পরেই তিনি দায়িত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এবারের আসরে যুক্তরাষ্ট্রের বোস্টনে নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল স্কটল্যান্ড। তবে পরবর্তী ম্যাচগুলোতে সেই ধারা বজায় রাখতে ব্যর্থ হয় দলটি। মরক্কোর কাছে ১-০ ব্যবধানে হারের পর শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয়ে খাদের কিনারায় পড়ে যায় স্কটিশরা। বিশেষ করে রক্ষণভাগের কিছু গুরুতর ভুলে ব্রাজিলের কাছে বড় ব্যবধানে পরাজয়ই তাদের স্বপ্নভঙ্গের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিদায়লগ্নে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বার্তায় স্টিভ ক্লার্ক তাঁর খেলোয়াড়দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই বিদায়ের সবচেয়ে যন্ত্রণাদায়ক অংশ হলো তাঁর খেলোয়াড়রা। ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত দলটির সঙ্গে কাটানো সময়কে অত্যন্ত গৌরবময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড়দের অবদানের কারণেই অনেক মধুর স্মৃতি তৈরি করা সম্ভব হয়েছে এবং তাঁরা সব প্রশংসা ও ভালোবাসার যোগ্য। দীর্ঘ সময় তাঁদের কোচ বা গ্যাফার হিসেবে দায়িত্ব পালন করাকে বড় সম্মানের মনে করেন ক্লার্ক। একই সঙ্গে তাঁর উত্তরসূরির সাফল্য কামনা করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
দীর্ঘ সাত বছরের মেয়াদে স্কটিশ ফুটবলের আমূল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্টিভ ক্লার্ক। ১৯৯৮ সালের পর কোনো বড় টুর্নামেন্টের মূল পর্বে উঠতে ব্যর্থ হওয়া স্কটল্যান্ড তাঁর হাত ধরেই পুনরায় বিশ্বমঞ্চে ফিরে আসে। ক্লার্কের অধীনেই দলটি টানা দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ এবং চলতি বছরের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। তবে বাছাইপর্বে দারুণ সাফল্য পেলেও মূল টুর্নামেন্টগুলোতে স্কটল্যান্ডের পারফরম্যান্স ছিল তুলনামূলক হতাশাজনক। গত তিনটি বড় আসরের মধ্যে চলতি বিশ্বকাপে হাইতির বিপক্ষে জয়টিই ছিল তাদের একমাত্র জয়।
স্টিভ ক্লার্কের পদত্যাগের পর স্কটিশ ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়াটা হতাশাজনক হলেও ক্লার্কের অধীনে স্কটিশ ফুটবলের যে অনস্বীকার্য অগ্রগতি হয়েছে, তা ভুলে যাওয়ার অবকাশ নেই। ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর স্কটল্যান্ডকে বড় টুর্নামেন্টে ফিরিয়ে আনার লক্ষ্য তিনি শতভাগ পূরণ করেছেন। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কেটে গেলে সমর্থকরা নিশ্চয়ই গর্বের সঙ্গে তাঁর অবদানের কথা স্মরণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন:








