যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রক্টনে ফুটবল বিশ্বকাপ উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট হাঙ্গামায় অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাতে কেপ ভার্দে ফুটবল দলের ঐতিহাসিক সাফল্য উদ্যাপনে শত শত মানুষ রাস্তায় নেমে এলে এই সহিংসতার ঘটনা ঘটে।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে কেপ ভার্দে। এই অর্জনের পর ব্রক্টনে বসবাসরত বৃহত্তম কেপ ভার্দিয়ান সম্প্রদায়ের মানুষ আনন্দ মিছিলে অংশ নেন। ব্রকটন শহরের মেইন স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের সংযোগস্থলে জমায়েত হওয়া শত শত মানুষের এই উদযাপন এক পর্যায়ে হাঙ্গামায় রূপ নেয়। উত্তেজনার এক পর্যায়ে সেখানে গোলাগুলি শুরু হলে চারজন গুলিবিদ্ধ হন।
ব্রকটন পুলিশ বিভাগ জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের কিছু সময় আগে তারা গোলাগুলির একাধিক খবর পায়। মার্কিন টেলিভিশন এবিসির প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, ফুটবল ম্যাচ পরবর্তী আনন্দ উদ্যাপন হাঙ্গামায় রূপ নিলে গোলাগুলির ঘটনা ঘটে। আহত চারজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
এই ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবিড় তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:








