শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

বিসিবির তহবিল বন্ধে আইসিসিকে বুলবুলের চিঠি ও বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ০৮:২৮

শেয়ার

বিসিবির তহবিল বন্ধে আইসিসিকে বুলবুলের চিঠি ও বিতর্ক
ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বর্তমান পরিচালনা পর্ষদের আর্থিক সহায়তা স্থগিতের অনুরোধ জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তিনি নিজেকে বিসিবির সভাপতি পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন। তবে আমিনুল ইসলাম বুলবুল এই অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আমিনুল ইসলাম বুলবুল চলতি সপ্তাহের শুরুতে আইসিসির কাছে ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চিঠিতে তিনি বর্তমান বোর্ডের জন্য আইসিসির বরাদ্দকৃত তহবিল স্থগিত রাখার আহ্বান জানান। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশের জন্য আইসিসির অর্থায়ন বন্ধের সুনির্দিষ্ট অনুরোধ চিঠিতে উল্লেখ রয়েছে।

আইসিসি কর্তৃপক্ষ এই চিঠির বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। এর জবাবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে একটি পাল্টা চিঠি পাঠিয়েছে।

চিঠির বিষয়টি জানাজানি হওয়ার পর গত ২৫ জুন এক ভিডিওবার্তায় আমিনুল ইসলাম বুলবুল তার অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, দেশের ক্রিকেটের তহবিল বন্ধের জন্য আইসিসিকে কোনো অনুরোধ করার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ তিনি করবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন।

বিসিবি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের প্রেক্ষিতে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে। ওই নির্বাচনে বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পর্ষদ বিলুপ্তির পর এনএসসি তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটিকে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে তামিম ইকবাল আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন।



banner close
banner close