শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলের নতুন বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ০৯:৪২

শেয়ার

বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলের নতুন বিশ্বরেকর্ড
ছবি সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ গোলের নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলসে তুরস্কের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটে গোল করে সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রের অস্টন ট্রাস্টি এই নতুন ইতিহাস রচনা করেন। এটি চলতি আসরের ১৭৩তম গোল, যার মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোলের আগের রেকর্ডটি ভেঙে গেছে।

এর আগে এক আসরে সর্বোচ্চ ১৭২টি গোলের রেকর্ড ছিল কাতার বিশ্বকাপের। পূর্বের সেই রেকর্ডটি হয়েছিল ৬৪ ম্যাচে। তবে ২০২৬ সালের আসরে মাত্র ৬০ ম্যাচ শেষ হতেই সেই রেকর্ড অতিক্রম করেছে ফুটবল বিশ্ব। বর্তমানে টুর্নামেন্টে মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫টি। মূলত অংশগ্রহণকারী দলের সংখ্যা এবং ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে।

চলতি আসরে এখন পর্যন্ত আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য বজায় রেখেছে জার্মানি ও নেদারল্যান্ডস। উভয় দলই সর্বোচ্চ ১০টি করে গোল করেছে। এছাড়া মাত্র দুই ম্যাচে ৭ গোল করে গোলের সংখ্যা বৃদ্ধিতে বড় অবদান রেখেছে নরওয়ে।

বিশ্বকাপের ইতিহাসে একক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখনো ১৯৫৪ সালের হাঙ্গেরির দখলে। সেবার তারা ২৭টি গোল করেছিল। ১৯৫৪ সালের ঐ আসরে ২৬ ম্যাচে মোট ১৪০টি গোল হয়েছিল, যেখানে ম্যাচপ্রতি গোলের গড় ছিল ৫.৩৮টি। তবে মোট গোলের হিসেবে এবারের বিশ্বকাপ পূর্বের সকল আসরকে ছাড়িয়ে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।



banner close
banner close