শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ০৭:০৯

শেয়ার

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর
ছবি সংগৃহীত

টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না ইকুয়েডরের সামনে। সেই কঠিন সমীকরণ নিয়েই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নেমেছিল লাতিন আমেরিকার দলটি। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা।

নিউজার্সির স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে হতাশ না হয়ে দ্রুত ম্যাচে ফেরে ইকুয়েডর। নবম মিনিটে নিলসন আঙ্গুলোর দুর্দান্ত দূরপাল্লার শটে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে গনজালো প্লাতার জয়সূচক গোলে ঐতিহাসিক জয় নিশ্চিত করে সেবাস্তিয়ান বেকাসেসের দল।

জয়ের ফলে ইকুয়েডর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠে। অন্যদিকে হারলেও ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে জার্মানি। একই রাতে কুরাসাওকে হারিয়ে সমান ৬ পয়েন্ট অর্জন করে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নেয় আইভরি কোস্ট।

ম্যাচের শুরুতেই জার্মানির আক্রমণ সফল হয়। থ্রো-ইন থেকে গড়ে ওঠা আক্রমণে আলেকসান্দার পাভলোভিচের পাস ফ্লোরিয়ান ভিয়ের্তসের মাধ্যমে পৌঁছে যায় লেরয় সানের কাছে। জার্মান ফরোয়ার্ড নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।

তবে মাত্র সাত মিনিটের ব্যবধানে সমতায় ফেরে ইকুয়েডর। বক্সের বাইরে থেকে নিলসন আঙ্গুলোর শক্তিশালী শট জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে। এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

২৫ মিনিটে কাই হাভার্টজের হেড দক্ষতার সঙ্গে রুখে দেন ইকুয়েডরের গোলরক্ষক হেরনান গালিন্দেস। অন্যদিকে প্রথমার্ধের শেষদিকে জামাল মুসিয়ালার বিপজ্জনক আক্রমণ ঠেকিয়ে দেন ডিফেন্ডার জোয়েল অর্দোনিয়েজ।

বিরতির পর ম্যাচের গতি কিছুটা কমে এলেও দুই দলই সুযোগ তৈরি করতে থাকে। ৬২ মিনিটে এনার ভ্যালেন্সিয়ার জোরালো ভলি দুর্দান্তভাবে প্রতিহত করেন নয়্যার।

ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ ১৫ মিনিটে। ৭৬ মিনিটে সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন লেরয় সানে। তার শট সরাসরি গোলরক্ষকের গায়ে লাগে। পরের মিনিটেই পাল্টা আক্রমণে কর্নার আদায় করে ইকুয়েডর। সেই কর্নার থেকে কেভিন রদ্রিগেজের হেড পাস পেয়ে গনজালো প্লাতা কাছ থেকে বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে ইকুয়েডর। এই জয়ে ২০ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠল দেশটি। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো জার্মানিকে হারানোর কৃতিত্বও অর্জন করল ইকুয়েডর।



banner close
banner close