যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ সি-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল এবং মাথেউস কুনিয়ার এক গোলে এই বড় জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ফলাফলের ভিত্তিতে ৭ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় মরক্কো গ্রুপ রানার্সআপ হয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা ব্রাজিল সপ্তম মিনিটে প্রথম লিড পায়। স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গানের ভুলে বল পান ডিফেন্ডার স্কট ম্যাককেনা। তিনি বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে তা ব্রাজিলের ১৯ বছর বয়সী উইঙ্গার রায়ানের পায়ে লেগে বক্সে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের কাছে পৌঁছায়। সেখান থেকে সহজ শটে গোল করে দলকে এগিয়ে নেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এই গোলের মাধ্যমে ২০০২ বিশ্বকাপের রোনালদো ও রিভালদোর পর তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার কৃতিত্ব অর্জন করেন ভিনিসিয়ুস।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ব্রুনো গিমারায়েসের দূরপাল্লার শট স্কটিশ গোলরক্ষক গ্লাভসে নিতে ব্যর্থ হলে দৌড়ে এসে হেডের মাধ্যমে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। এর আগে ২২ মিনিটে ভিনিসিয়ুসের আরও একটি গোল ভিএআর পরীক্ষার মাধ্যমে ফাউল প্রমাণিত হওয়ায় বাতিল করেছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মাথেউস কুনিয়া দলের হয়ে তৃতীয় গোলটি করেন। মাঝ মাঠ থেকে গিমারায়েস বল নিয়ে একক প্রচেষ্টায় কয়েকজনকে কাটিয়ে কুনিয়াকে পাস দিলে তিনি লক্ষ্যভেদ করেন। ম্যাচের ৭৬ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ৯০ মিনিটে নেইমার গোলমুখে একটি শট নিলেও তা গোলরক্ষক লুফে নেন।
ম্যাচে অভিষেক হওয়া ১৯ বছর ৩২৫ দিন বয়সী রায়ান ব্রাজিলের হয়ে বিশ্বকাপে শুরুর একাদশে খেলা দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেছেন। এর আগে ১৯৭০ বিশ্বকাপে ১৯ বছর ১২৮ দিন বয়সে মার্কো আন্তোনিও এই রেকর্ড গড়েছিলেন। অন্যদিকে, স্কটল্যান্ডের স্কট ম্যাকটমিনে দুইবার সহজ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। ৩ ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ডকে নকআউটে ওঠার জন্য এখন অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করতে হচ্ছে। তিন ম্যাচের সবকটিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি।
আরও পড়ুন:








