মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১৯:১৯

শেয়ার

আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
ছবি সংগৃহীত

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরিয়ে রাউন্ড অব ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে। গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ের পর আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের ফলাফলে আলবিসেলেস্তেদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে আর্জেন্টিনাকে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হতে হবে। এই গ্রুপে বর্তমানে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ ‘এইচ’-এর শেষ রাউন্ডে স্পেন বনাম উরুগুয়ে এবং সৌদি আরব বনাম কেপ ভার্দে ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে।

রাউন্ড অব ৩২-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি আগামী ৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। উল্লেখ্য যে, হার্ড রক স্টেডিয়াম লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সাবেক হোম ভেন্যু। ফলে পরিচিত মাঠেই নকআউট পর্বের মিশন শুরু করার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বের দাপুটে পারফরম্যান্সের পর এখন ফুটবল বিশ্বের দৃষ্টি গ্রুপ ‘এইচ’-এর চূড়ান্ত ফলাফলের দিকে, যা আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ নির্ধারণ করবে। নকআউট পর্বের এই লড়াইকে কেন্দ্র করে আয়োজক শহর মায়ামিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



banner close
banner close