মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

এমবাপ্পের জোড়া গোলে নকআউটে পা রাখল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ০৭:৪৭

শেয়ার

এমবাপ্পের জোড়া গোলে নকআউটে পা রাখল ফ্রান্স
ছবি সংগৃহীত

প্রতিকূল আবহাওয়া কাটিয়ে ইরাকের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং উসমান দেম্বেলের অভিষেক গোলে এই জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের শেষ ৩২-এ পা রাখল ফরাসিরা।

ম্যাচের ১৪ মিনিটেই ফ্রান্সকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত শটে তিনি বল জালে জড়ান। তবে প্রথমার্ধের শেষ দিকে ফিলাডেলফিয়ায় তীব্র বজ্রপাত ও ঘন কালো মেঘের কারণে ফিফা কর্তৃপক্ষ সাময়িকভাবে খেলা বন্ধ ঘোষণা করে। নিরাপত্তার স্বার্থে দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর পুনরায় খেলা শুরু হয়।

বিরতির পর মাঠে নেমে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে ১৬ গোল নিয়ে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সাথে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন। ম্যাচের শেষ দিকে মাইকেল ওলিসের সহায়তায় দলের তৃতীয় গোলটি করেন উসমান দেম্বেলে, যা বিশ্বকাপে তার প্রথম গোল।

এই ম্যাচটি এমবাপ্পের জন্য ব্যক্তিগত মাইলফলকেরও ছিল। মাত্র ২৭ বছর বয়সে ফ্রান্সের হয়ে তিনি নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ পূর্ণ করেন। গ্রুপ 'আই' থেকে টানা দ্বিতীয় জয়ে প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করল ফ্রান্স। এর আগে তারা সেনেগালকে ৩-১ গোলে পরাজিত করেছিল।

নকআউট নিশ্চিত হলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে পরবর্তী ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ফরাসিরা। ওই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে দলটি।



banner close
banner close