সোমবার

২২ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

বেলজিয়ামকে রুখে গ্রুপসেরা ইরান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ০৭:৫২

শেয়ার

বেলজিয়ামকে রুখে গ্রুপসেরা ইরান
ছবি সংগৃহীত

আক্রমণ-পাল্টা আক্রমণ, দুই গোলকিপারের দুর্দান্ত সব সেভ এবং লাল কার্ডের নাটকীয়তায় ভরপুর ম্যাচেও গোলের দেখা পেল না কোনো দল। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়াম ও ইরান ০-০ গোলে ড্র করেছে।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে শেষ ৩৪ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেও ইরানকে গোল করতে দেয়নি বেলজিয়াম। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইরান। দুই ম্যাচে দুই ড্রয়ে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। এক ম্যাচ করে খেলা মিশর ও নিউ জিল্যান্ড যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে।

ম্যাচে বল দখলে স্পষ্ট আধিপত্য ছিল বেলজিয়ামের। রেড ডেভিলসরা ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। তারা ২৩টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ইরান ৭টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

ম্যাচের নবম মিনিটে কেভিন ডি ব্রুইনার শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। এক মিনিট পর তাঁর আরেকটি প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ।

১৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইরান। হোসেইন কানানির শক্তিশালী শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

২৪ মিনিটে ইরানের জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফ্রি-কিক থেকে পাওয়া বলে মেহেদি তারেমি জাল খুঁজে পেলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয় তাঁকে।

বিরতির পরও দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৪৬ মিনিটে আলিরেজা জাহানবখশ গোলের দারুণ সুযোগ নষ্ট করেন। পরের মিনিটেই ডি ব্রুইনার শট ব্লক করে দেন ইরানি ডিফেন্ডাররা।

৫৩ মিনিটে আবারও বেলজিয়ামকে রক্ষা করেন কোর্তোয়া। মেহেদি তারেমির শক্তিশালী শট অসাধারণ সেভে ফিরিয়ে দেন তিনি।

৬০ মিনিটে বেলজিয়াম এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও ম্যাক্সিম ডি কুইপারের শট ঠেকিয়ে দেন বেইরানভান্দ।

ম্যাচের মোড় ঘুরে যায় ৬৬ মিনিটে। মেহেদি তারেমিকে আটকাতে গিয়ে জার্সি টান দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগয়। এরপর ১০ জনের দল নিয়ে খেলতে হয় বেলজিয়ামকে।

তবে সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে পারেনি ইরান। বরং ৮৬ মিনিটে বেলজিয়ামের ডি কুইপারের জোরালো শট আবারও দারুণভাবে রুখে দেন বেইরানভান্দ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

‘জি’ গ্রুপে এখনো কোনো দল জয়ের মুখ দেখেনি। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইরান। অন্যদিকে মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বেলজিয়াম।

গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় মিশরের মুখোমুখি হবে ইরান। একই সময়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম।



banner close
banner close