সোমবার

২২ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

রুমের বিশ্বরেকর্ডে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ০৯:২৬

শেয়ার

রুমের বিশ্বরেকর্ডে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট
ছবি সংগৃহীত

বিশ্বকাপে অভিষেকেই ইতিহাস গড়ল কুরাসাও। জার্মানির কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ক্যারিবীয় দেশটি। এর মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করল নবাগত দলটি।

বাংলাদেশ সময় রোববার সকালে ক্যানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ০-০ গোলে ড্র করে কুরাসাও। দুই দলের জন্যই চলতি বিশ্বকাপে এটি প্রথম পয়েন্ট হলেও কুরাসাওয়ের জন্য ফলাফলটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মাত্র ৪৪৩ বর্গকিলোমিটার আয়তন এবং দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে দ্বিতীয় ম্যাচেই পয়েন্টের দেখা পেল।

কুরাসাওয়ের এই ঐতিহাসিক অর্জনের নায়ক গোলরক্ষক এলয় রুম। ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপার ইকুয়েডরের একের পর এক আক্রমণ প্রতিহত করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন।

ম্যাচে মোট ১৫টি সেভ করেন রুম, যা ৯০ মিনিটে শেষ হওয়া বিশ্বকাপ ম্যাচগুলোর মধ্যে সর্বোচ্চ সেভের নতুন রেকর্ড। এর আগে এক ম্যাচে সবচেয়ে বেশি সেভের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি ১৬টি সেভ করেছিলেন। তবে সেই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছিল।

ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে ইকুয়েডর। তারা ৭৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ২৬টি শট নেয়, যার মধ্যে ১৫টি ছিল লক্ষ্যে। কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান রুম।

অন্যদিকে, বলের দখলে পিছিয়ে থাকলেও কুরাসাও পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়ে যায়। দলটি মোট ১০টি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। তবে কোনো দলই গোলের দেখা পায়নি।

এই ড্রয়ের ফলে ‘ই’ গ্রুপে জার্মানির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে। দুই ম্যাচ শেষে আইভরি কোস্ট ৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

ম্যাচ শেষে কুরাসাওয়ের সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। গ্যালারিজুড়ে পুরো ম্যাচে দলকে সমর্থন দেওয়া সমর্থকেরা শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রথম বিশ্বকাপ পয়েন্টের আনন্দে মেতে ওঠেন। কুরাসাওয়ের ফুটবল ইতিহাসে দিনটি তাই স্মরণীয় হয়ে থাকল।



banner close
banner close