২০২৬ ফিফা বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। শনিবার ভোরে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাটলাস লায়ন্সদের হয়ে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন ইসমাইল সাইবারি।
ম্যাচ শুরুর মাত্র ৭০ সেকেন্ডের মধ্যেই স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেঙে এগিয়ে যায় মরক্কো। গ্যালারিতে দর্শকদের অনেকে তখনো আসন গ্রহণ করতে পারেননি। ব্রাহিম দিয়াজের পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান সাইবারি। এরপর পুরো ম্যাচে আর কোনো দল গোলের সন্ধান পায়নি।
এই জয়ের মাধ্যমে সি গ্রুপের শীর্ষে উঠে এসেছে মরক্কো। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে। সমান ম্যাচে এক জয় ও এক হারে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড। এক ড্রয়ে তিন নম্বরে ব্রাজিল এবং এক হারে চার নম্বরে রয়েছে হাইতি।
পরিসংখ্যানে দেখা যায়, পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ফিফা র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা মরক্কো। তাদের নেওয়া ১২টি শটের মধ্যে দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে র্যাঙ্কিংয়ে ৪২তম স্থানে থাকা স্কটল্যান্ডের দখলে ছিল ৩৯ শতাংশ বল পজেশন। তাদের নেওয়া ছয়টি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি দলটি।
ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পর স্কটল্যান্ডের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে মরক্কো। ৩০ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে বল পেয়ে শট নেন নিল এল আইনাউই, তবে তাঁর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর ছয় মিনিট পর ৩৬ মিনিটের সময় সাইবারির পাস থেকে বাঁ দিকে ফাঁকায় বল পেয়েছিলেন বিলাল এল খানুস, তবে গোল করার সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করলেও মরক্কোর রক্ষণভাগ ভাঙতে পারেনি দলটি। শেষ পর্যন্ত সাইবারির গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে নকআউট পর্বের দৌড়ে এগিয়ে থাকে মরক্কো।
২৫ বছর বয়সী সাইবারির জন্য এই গোলটি বিশেষ গুরুত্ব বহন করছে। এর মাধ্যমে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর পর আফ্রিকার ফুটবল ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের প্রথম দুটি বিশ্বকাপ ম্যাচেই গোল করার কীর্তি গড়েছেন তিনি। আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
আগামী বৃহস্পতিবার ভোর চারটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির মুখোমুখি হবে মরক্কো। একই সময়ে ব্রাজিলের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।
আরও পড়ুন:







