শুক্রবার

১৯ জুন, ২০২৬ ৫ আষাঢ়, ১৪৩৩

মেক্সিকোর জয়, দ্বিতীয় রাউন্ড নিশ্চিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ০৯:৪০

শেয়ার

মেক্সিকোর জয়, দ্বিতীয় রাউন্ড নিশ্চিত
ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের এক মারাত্মক ভুলে পাওয়া গোলেই জয় তুলে নিয়ে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সহ-স্বাগতিক মেক্সিকো। শুক্রবার সকালে ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মধ্য আমেরিকার দলটি।

ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউয়ের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয়ের সূচক গোল করেন অভিজ্ঞ মিডফিল্ডার লুইস রোমো। এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে সবার আগে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো।

প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে উড়ন্ত সূচনা করা দক্ষিণ কোরিয়া এদিনও সমানতালে লড়াই করলেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি। ফলে দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ তিন পয়েন্ট। গ্রুপের অন্য দুই দল চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে এক পয়েন্ট করে।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা পায়নি। বিরতির পর ভাগ্য সহায় হয় মেক্সিকোর।

৫০তম মিনিটে বাম দিক থেকে হুলিয়ান কুইনেনোসের ক্রস বক্সের মধ্যে এসে প্রতিহত করতে এগিয়ে যান কিম সেউং-গিউ। প্রথমে বলের নিয়ন্ত্রণ নিলেও মুহূর্তের মধ্যে তা হাত ফসকে বেরিয়ে যায়। ঠিক তখন পেনাল্টি স্পটের কাছে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা লুইস রোমো সুযোগ হাতছাড়া করেননি। ঠান্ডা মাথায় ফাঁকা জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

অপ্রত্যাশিতভাবে গোল হজম করার পর দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায়। কয়েকটি ভালো সুযোগও তৈরি করে তারা। তবে শেষ পর্যন্ত কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি এশিয়ার প্রতিনিধিরা।

পরিসংখ্যানেও দেখা যায় দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। বল দখলে ৫৭ শতাংশ সময় এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। উভয় দলই ৮টি করে শট নেয়। তবে লক্ষ্যে রাখা শটের সংখ্যায় এগিয়ে ছিল মেক্সিকো, তাদের ৪টি শট লক্ষ্যভেদী ছিল।

এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করল মেক্সিকো। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য দক্ষিণ কোরিয়াকে এখন শেষ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।



banner close
banner close