ফিফা বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছে স্বাগতিক কানাডা। বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে কাতারকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে উত্তর আমেরিকার দেশটি।
শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে কানাডা। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে কাতারকে পুরোপুরি ছিটকে দেয় তারা। দলের হয়ে হ্যাটট্রিক করেন তারকা ফরোয়ার্ড জনাথন ডেভিড। এছাড়া গোলের খাতায় নাম লেখান স্টিফেন উস্তাকুইয়োসহ অন্য সতীর্থরা।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসেও একটি বিশেষ কীর্তি গড়েছেন ডেভিড। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো আয়োজক দেশের কোনো ফুটবলার বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন। সর্বশেষ ১৯৬৬ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ হার্স্ট এই কৃতিত্ব দেখিয়েছিলেন।
এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে কানাডা। সমান চার পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড। অন্যদিকে দুটি ম্যাচ শেষে কাতার ও বসনিয়া ও হার্জেগোভিনার সংগ্রহ এক পয়েন্ট করে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে কানাডা। একই সঙ্গে ড্র করতে পারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।
ম্যাচের পরিসংখ্যানেও ছিল কানাডার একচ্ছত্র আধিপত্য। ৭৯ শতাংশ বলের দখল ছিল তাদের নিয়ন্ত্রণে। জেসি মার্শের শিষ্যরা ম্যাচে মোট ৩৩টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। প্রতিপক্ষের পেনাল্টি এলাকায় ৯৭ বার বল স্পর্শ করেন কানাডার খেলোয়াড়রা।
অন্যদিকে মাত্র ২১ শতাংশ বলের দখল পাওয়া কাতার পুরো ম্যাচে মাত্র দুটি শট নিতে সক্ষম হয় এবং দুটিই লক্ষ্যভ্রষ্ট হয়। উপরন্তু দুটি লাল কার্ড দেখায় ম্যাচে তাদের দুর্দশা আরও বাড়ে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা ২০২২ কাতার বিশ্বকাপেও খেলেছিল। তবে ওই দুই আসরে ছয় ম্যাচ খেলেও কোনো জয় পায়নি তারা। চলমান বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর এবার কাতারকে উড়িয়ে দিয়ে নতুন ইতিহাস রচনা করল স্বাগতিকরা।
এখন শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ইতিবাচক ফল পেলেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পাশাপাশি ঘরের মাঠে রাউন্ড অব ৩২-এর ম্যাচ খেলার সুযোগ পাবে কানাডা।
আরও পড়ুন:








