বৃহস্পতিবার

১৮ জুন, ২০২৬ ৪ আষাঢ়, ১৪৩৩

উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু কলম্বিয়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১১:২৫

শেয়ার

উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু কলম্বিয়ার
ছবি সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে নবাগত উজবেকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করে শুভসূচনা করেছে কলম্বিয়া। মেক্সিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কলম্বিয়ার পক্ষে গোল করেন দানিয়েল মুনিয়োজ, লুইস দিয়াজ ও হামিন্তন কাম্পাজ। উজবেকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এই জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে কে গ্রুপের শীর্ষস্থানে অবস্থান করছে কলম্বিয়া।

ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৩ নম্বর দল কলম্বিয়া ৬১ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে আধিপত্য বিস্তার করে খেলে। পুরো ম্যাচে তারা ১৫ বার আক্রমণ চালায়, যার মধ্যে ৪টি শট লক্ষ্য বরাবর ছিল। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া র‍্যাঙ্কিংয়ের ৫০ নম্বর দল উজবেকিস্তান ৩৯ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। তাদের নেওয়া ৮টি শটের মধ্যে ২টিতে লক্ষ্য স্থির ছিল।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ৩২ মিনিটে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পায় কলম্বিয়া। তবে লুইস দিয়াজের নেওয়া বাঁ পায়ের শটটি গোলপোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ৪১ মিনিটে দিয়াজের বাড়ানো বল আলতো টোকায় জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন দানিয়েল মুনিয়োজ। এই লিড বজায় রেখেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে সমতায় ফেরে এশিয়ান দেশ উজবেকিস্তান। এল্দর শোমুরোদভের শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে হেডে গোল করেন ফাইজুল্লায়েভ। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৫ মিনিটে গুস্তাভো পুয়ের্তার পাস থেকে ডান পায়ের জোরালো শটে কলম্বিয়াকে পুনরায় এগিয়ে দেন লুইস দিয়াজ। জাতীয় দলের জার্সিতে ৭৫ ম্যাচে এটি তার ২৩তম গোল।

খেলার শেষ দিকে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও ৮৬ মিনিটে জেফারসন লেরমার শট সাইড পোস্টে লাগে এবং ৮৭ মিনিটে দাভিনসন সানচেজের শট লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে ৯০ মিনিটে উজবেকিস্তানের আকমল মোহগোভয় সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কুচো হার্নান্দেজের ক্রস থেকে হেডে গোল করে ৩-১ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন হামিন্তন কাম্পাজ। শেষ মূহুর্তে উজবেকিস্তানের বেখরুজ কারিমভের শট পোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান আর কমেনি।

গ্রুপের অন্য ম্যাচে পর্তুগাল ও ডিআর কঙ্গো ১-১ গোলে ড্র করায় কলম্বিয়া বর্তমানে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আগামী বুধবার গ্রুপের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।



banner close
banner close