বৃহস্পতিবার

১৮ জুন, ২০২৬ ৪ আষাঢ়, ১৪৩৩

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ০৯:১৭

শেয়ার

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ইংল্যান্ডের
ছবি সংগৃহীত

বিশ্বকাপের ‘এল’ গ্রুপে হাইভোল্টেজ লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ইংল্যান্ড। বুধবার যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুইবার সমতায় ফিরেও শেষ পর্যন্ত ইংলিশদের আক্রমণাত্মক ফুটবলের সামনে টিকতে পারেনি ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্টরা।

টমাস টুখেলের দলের হয়ে জোড়া গোল করেন হ্যারি কেইন। একটি করে গোল করেন জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ড। ক্রোয়েশিয়ার পক্ষে গোল দুটি করেন মার্তিন বাতুরিনা ও পিটার মুসা।

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইংল্যান্ড। বক্সে ননি মাদুয়েকেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথম প্রচেষ্টায় হ্যারি কেইনের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। তবে ক্রোয়েশিয়ার এক ডিফেন্ডার আগেভাগে বক্সে ঢুকে পড়ায় পুনরায় পেনাল্টি পায় ইংল্যান্ড। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি কেইন।

গোল হজমের পর আক্রমণ বাড়ায় ক্রোয়েশিয়া। ৩৬ মিনিটে পিটার সুচিচের সহায়তায় দারুণ এক শটে সমতা ফেরান মার্তিন বাতুরিনা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ছয় মিনিট পর কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে আবারও এগিয়ে দেন কেইন।

প্রথমার্ধের যোগ করা সময়ে মারিও পাসালিচের লং বল থেকে পিটার মুসার সাইড ভলিতে আবারও সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ২-২ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। ৪৭ মিনিটে ডেকলান রাইসের তৈরি আক্রমণ থেকে জুড বেলিংহামের শট পোস্টে লেগে জালে জড়ালে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা।

এরপর একের পর এক আক্রমণে ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে ইংল্যান্ড। গোলরক্ষক লিভাকোভিচ কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে ম্যাচে রাখার চেষ্টা করেন। ম্যাচে তিনি মোট সাতটি সেভ করেন।

তবে শেষ রক্ষা হয়নি। ৮৫ মিনিটে বুকায়ো সাকার নিখুঁত পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন মার্কাস রাশফোর্ড। তার সেই গোলেই ক্রোয়েশিয়ার প্রত্যাবর্তনের সব সম্ভাবনা শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ইংল্যান্ড। অন্যদিকে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হলো ক্রোয়েশিয়াকে।



banner close
banner close