রবিবার

১৪ জুন, ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কনোলির সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ২০:২৭

শেয়ার

কনোলির সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
ছবি সংগৃহীত

শরিফুল ইসলামের ক্যারিয়ারসেরা ছয় উইকেটও শেষ রক্ষা করতে পারেনি বাংলাদেশকে। কুপার কনোলির ১৪৯ রানের অপরাজেয় ইনিংসে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩ বল ও এক উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা।

টস জিতে আগে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ৫ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে। প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও ৬১ রানে ৩ উইকেট পড়ে যায়। সেই সংকট থেকে দলকে টেনে তোলেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে ৯২ রানের জুটি গড়ে ইনিংসের ভিত মজবুত করেন তারা। মাঝপথে চোটে মাঠ ছাড়লেও পরে ফিরে মিরপুরে নিজের প্রথম ওয়ানডে অর্ধশতক পূর্ণ করেন লিটন। তিনি ৫৮ রানে অপরাজিত থাকেন। হৃদয় খেলেন ৮৩ রানের কার্যকর ইনিংস। শেষদিকে মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৫৬ রানে ২৭৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। প্রথম চার ওভারেই তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে চড়াও হয়ে ৩৮ রান তুলে নেয় সফরকারীরা। এরপর আক্রমণে এসে শরিফুল ইসলাম প্রথম ওভারেই জশ ইংলিস ও ম্যাট রেনশোকে ফিরিয়ে দেন। তাসকিন আহমেদ অ্যালেক্স ক্যারিকে আউট করলে ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের।

তবে সেই আশায় জল ঢেলে দেন কনোলি। মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়ে ৫১ বলে অর্ধশতক পূর্ণ করেন ২২ বছর বয়সী এই ওপেনার। লাবুশেন ফেরার পর ক্যামেরন গ্রিনকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন কনোলি। মাত্র ৮৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই তরুণ ব্যাটার। গ্রিন ২৭ রানে ফিরলে ১৯ বছর বয়সী অলিভার পিক আরও ২৭ রানের কার্যকর ইনিংস খেলেন।

শেষ দিকে একাই লড়াই চালিয়ে যান শরিফুল। পরপর দুই বলে অলিভার পিক ও জাভিয়ার বার্টলেটকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার পূর্ণ করেন তিনি। সব মিলিয়ে ৬ উইকেট নেন এই বাঁহাতি পেসার। তবে অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী হাসান একটি করে উইকেট নেন।



banner close
banner close