রবিবার

১৪ জুন, ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

হাইতিকে হারিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১১:০৪

শেয়ার

হাইতিকে হারিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডের শুভসূচনা
ছবি সংগৃহীত

বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের গ্রুপ ডি-র ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে স্কটল্যান্ড। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে এই জয়ের মাধ্যমে স্কটিশরা ৩৬ বছর পর বিশ্বকাপে কোনো ম্যাচ জয়ের স্বাদ পেল। অন্যদিকে ৫২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে ফিরলেও পরাজয় দিয়ে আসর শুরু করতে হলো ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিকে।

ম্যাচের ২৮ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জন ম্যাকগিন। ডান প্রান্ত দিয়ে বেন গ্যানন–ডোকের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে চে অ্যাডামস গোললক্ষ্যে শট নেন। হাইতির গোলরক্ষক জনি প্লাসাইড প্রথম শটটি রুখে দিলেও বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। ফিরতি বলে ম্যাকগিনের জোরালো শট হাইতির ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এর আগে ম্যাচের ১৭ মিনিটে স্কট ম্যাকটমিনের একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় স্কটল্যান্ড।

ম্যাচে পরাজিত হলেও মাঠের লড়াই ও পরিসংখ্যানে এগিয়ে ছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮৪ নম্বরে থাকা হাইতি। পুরো ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখে তারা স্কটল্যান্ডের গোলমুখে ১৫টি শট নেয়, যার মধ্যে দুটি লক্ষ্যে ছিল। বিপরীতে র‍্যাঙ্কিংয়ের ৪০ নম্বরে থাকা স্কটল্যান্ড ৯টি শটের মধ্যে দুটি গোলমুখে রাখতে সক্ষম হয়। বিরতির পর ম্যাচে সমতা ফেরাতে হাইতি বেশ কিছু কার্যকর পাল্টা আক্রমণ চালালেও স্কটিশ রক্ষণভাগ ভাঙতে পারেনি।

এই জয়ের ফলে এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্কটল্যান্ড। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো ও ব্রাজিল। আসরে স্কটল্যান্ডের পরবর্তী ম্যাচ আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে অনুষ্ঠিত হবে।



banner close
banner close