বৃহস্পতিবার

১১ জুন, ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আজ রাতে পর্দা উঠছে ২০২৬ বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১২:৩৫

শেয়ার

আজ রাতে পর্দা উঠছে ২০২৬ বিশ্বকাপের
ছবি সংগৃহীত

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত একটায় মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আয়োজক দেশ মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

এবারই প্রথম রেকর্ড ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসর। তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে ৩৯ দিনে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

উদ্বোধনী ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে তিন আয়োজক দেশের সংস্কৃতি তুলে ধরে একটি বর্ণিল অনুষ্ঠান আয়োজন করা হবে। মার্কো বেলিচের নেতৃত্বে শাকিরা, জে বালভিন ও লস অ্যাঞ্জেলেস আজুলেসের মতো আন্তর্জাতিক শিল্পীরা এতে অংশ নেবেন।

এবারের আসরে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। মাত্র ১ লাখ ৮৫ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও বিশ্বকাপ ইতিহাসের ক্ষুদ্রতম অংশগ্রহণকারী দেশ হিসেবে নাম লেখাতে যাচ্ছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও লুকা মদরিচের জন্য এটি শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিল ও ফ্রান্সকেও শিরোপার অন্যতম দাবিদার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মাঠের নিয়মেও এবার বেশ কিছু পরিবর্তন এনেছে ফিফা। খেলার গতি বাড়াতে ও সময় অপচয় রোধে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। ম্যাচ বলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার থাকছে। ফাইনালে আমেরিকান সুপার বোলের অনুকরণে ৩০ মিনিটের হাফটাইম শো রাখা হয়েছে। টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ লাখ, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ফিফা আশা করছে। তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

মাঠের বাইরে ইরান দলকে নিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে দলটির বেস ক্যাম্প মেক্সিকোতে রাখা হয়েছে এবং শুধু ম্যাচের দিনগুলোতেই তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

উল্লেখ্য, ১৯৩০ সালে মাত্র ১৩টি দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এবার ৯৬ বছর পর ৪৮ দলের আসরে রূপ নিয়েছে। ২০১০ বিশ্বকাপের মতো এবারও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।



banner close
banner close