অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক ছাড়া বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক জশিতা ইসলাম।
রায় ঘোষণার আগে একই দিন সকাল ১১টা ৪৭ মিনিটে তামিমার হাত ধরে এজলাসে উপস্থিত হন নাসির হোসেন। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের উল্লেখযোগ্য ভিড় দেখা যায়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তামিমার তৎকালীন স্বামী রাকিব হাসানের নজরে আসে। পরে গণমাধ্যমের প্রতিবেদন থেকে তিনি বিস্তারিত জানতে পারেন। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান আদালতে মামলা দায়ের করেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ। নাসির হোসেন তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও অভিযোগ আনা হয়। এ ঘটনায় বাদী রাকিব হাসান ও তার আট বছর বয়সী কন্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাদীর সামাজিক মানহানি ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য বিবেচনায় নিয়ে আদালত উভয় আসামিকে খালাস প্রদান করেন।
আরও পড়ুন:








