ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজে দারুণ খেলেছেন টাইগাররা। বিশেষ করে ব্যাটিংয়ে কঠিন সময়ে হাল ধরেছিলেন মুশফিকুর রহিম-লিটন দাসরা। বোলিংয়ে ভালো করেছিলেন তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা। এবার সেটির পুরস্কার পেলেন তারা।
বুধবার (২৭ মে)। পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে বড় লাফ দিয়েছেন টাইগার ক্রিকেটাররা।
পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক। চার ইনিংসে ২৫৯ রান করার পুরস্কার হিসেবে র্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে গেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। বর্তমানে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটার।
মুশফিকের পাশাপাশি ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসেরও। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ২৩৯ রান করা এই উইকেটরক্ষক ব্যাটার ১৪ ধাপ এগিয়েছেন। বর্তমানে ২৪ নম্বরে উঠে এসেছেন লিটন।
শুধু ব্যাটিংয়েই নয়, সিরিজ জয়ে বড় অবদান রাখা বাংলাদেশের বোলাররাও র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। সিরিজে দারুণ বল করা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে বোলিং র্যাংকিংয়ের ১১ নম্বরে উঠে এসেছেন। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্টও অর্জন করেছেন এই তারকা।,
অন্যদিকে, অফস্পিনার মেহেদী হাসান মিরাজও দুই ধাপ এগিয়ে ২৫ নম্বরে জায়গা করে নিয়েছেন। আর গতিঝড়ে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেওয়া তরুণ পেসার নাহিদ রানা একলাফে ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪ নম্বরে।,
বোলিংয়ের পাশাপাশি আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়েও সুখবর পেয়েছেন তাইজুল ইসলাম। অলরাউন্ডারদের তালিকায় তিনি তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন।
এদিকে বাংলাদেশের কাছে সিরিজ হারলেও র্যাংকিংয়ে উন্নতি হয়েছে পেসার খুররাম শাহজাদের। দীর্ঘ বিরতির পর সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে চোট কাটিয়ে দলে ফিরেছিলেন তিনি। ভালো বল করার পুরস্কার হিসেবে টেস্ট বোলারদের তালিকায় ৪৯তম স্থানে উঠে এসেছেন এই পাকিস্তানি পেসার।,
আরও পড়ুন:








