দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পঞ্চম দিনের সকালে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের শেষ তিন উইকেট তুলে নিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করে স্বাগতিকরা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ছয় উইকেটের পাশাপাশি লিটন দাসের সেঞ্চুরি বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৬ রান। পঞ্চম দিনে সফরকারীদের প্রয়োজন ছিল আরও ১২১ রান, আর বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট।
দিনের শুরুতে আগের দিনের অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান প্রতিরোধ গড়ে তোলেন। শুরুতেই রিজওয়ান ক্যাচ দিলেও স্লিপে সুযোগ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। এরপর রিজওয়ান ও সাজিদের জুটি ধীরে ধীরে ম্যাচে পাকিস্তানকে ফেরানোর আভাস দেয়।
তবে গুরুত্বপূর্ণ সময়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। সাজিদ খানকে আউট করে ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই স্পিনার। সাজিদ ৩৬ বলে ২৮ রান করেন।
এরপর শতকের কাছাকাছি পৌঁছে যাওয়া মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৬৬ বলে ৯৪ রান করেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। তার ইনিংসে ছিল ১০টি চার। খুররাম শেহজাদ শূন্য রানে আউট হন এবং মোহাম্মদ আব্বাস অপরাজিত থাকেন শূন্য রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয় উইকেট নেন তাইজুল ইসলাম। তিনি ৩৪.২ ওভারে ১২০ রান দিয়ে ছয়টি উইকেট শিকার করেন। এছাড়া নাহিদ রানা দুটি উইকেট নেন। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট পান।
ম্যাচের প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৭৮ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ফলে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা আরও ৩৯০ রান যোগ করলে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের লক্ষ্য দাঁড়ায়।
তবে শেষ পর্যন্ত পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে অলআউট হলে ৭৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথম টেস্ট হোয়াইটওয়াশের ইতিহাস গড়ল টাইগাররা।
আরও পড়ুন:








