রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ০৪:৫০

শেয়ার

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের
ছবি সংগৃহীত

মিরপুরে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত–এর দল।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

ওপেনার আজান আওয়াইস ১৫ এবং অধিনায়ক শান মাসুদ ২ রান করে আউট হলে ৬৮ রানেই তিন উইকেট হারায় পাকিস্তান। এরপর আব্দুল্লাহ ফজল ও সালমান আগা ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে স্পিনার তাইজুল ইসলাম এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ৬৬ রান করা ফজলকে ফিরিয়ে দেন। পরের ওভারেই তাসকিনের শিকার হন সালমান আগা, তিনি করেন ২৬ রান।

পরে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল জুটি গড়ে ম্যাচে ফেরার আভাস দিলেও সেই সম্ভাবনা গুঁড়িয়ে দেন তরুণ পেসার নাহিদ রানা। টানা দুই ওভারে শাকিল ও রিজওয়ানকে সাজঘরে ফেরান তিনি। দুজনই করেন ১৫ রান। শেষদিকে হাসান আলিকেও এলবিডব্লিউ করেন তাইজুল।

শেষ পর্যন্ত ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের হয়ে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এর আগে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। পঞ্চম দিনে অধিনায়ক শান্ত ৮৭ রান করেন। এছাড়া মুশফিকুর রহিম ২২, লিটন দাস ১১ এবং মেহেদী হাসান মিরাজ ২৪ রান করেন। ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪১৩ রান। সেখানে শান্তর সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। জবাবে আজান আওয়াইসের সেঞ্চুরিতে পাকিস্তান করে ৩৮৬ রান।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ২৩ বছর। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম জয় পাওয়ার পর দুই ম্যাচের সেই সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এবার মিরপুর টেস্ট জিতে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিল বাংলাদেশ।