মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ১৭৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে প্রায় এক সেশনের খেলা ভেসে যাওয়ায় প্রত্যাশামতো লিড বাড়াতে পারেনি স্বাগতিকরা। এখন পঞ্চম ও শেষ দিনে বড় লক্ষ্য দাঁড় করানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
সোমবার (১১ মে) দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান, জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে।
৭ রান নিয়ে দিন শুরু করা দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম বড় জুটি গড়তে পারেননি। জয় ৫ রান করে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন। এরপর দলীয় ২৩ ও ব্যক্তিগত ১০ রানে হাসান আলীর শিকার হন সাদমান।
শুরুর ধাক্কা সামাল দেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে ধীরে ধীরে বাংলাদেশের লিড বাড়াতে থাকেন। তবে দুপুরের দিকে বৃষ্টি নামলে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। তখন বাংলাদেশের লিড ছিল ১২০ রান, মুমিনুল খেলছিলেন ৩৭ ও শান্ত ৩৪ রানে।
বৃষ্টি শেষে খেলা শুরু হলে নিজের ২৬তম টেস্ট ফিফটি তুলে নেন মুমিনুল। তবে ৫৬ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বিদায় নেন তিনি। এরপর শান্তকে সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
দিন শেষে শান্ত অপরাজিত আছেন ৫৮ রানে এবং মুশফিক ১৬ রানে। পঞ্চম দিনে বাংলাদেশের লক্ষ্য হবে লিড আরও বাড়িয়ে পাকিস্তানের সামনে কঠিন লক্ষ্য দাঁড় করানো।
এর আগে তৃতীয় দিনের খেলা শেষে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, এই উইকেটে ২৯০ থেকে ৩০০ রানের লক্ষ্য দিতে পারলে বাংলাদেশের জয়ের ভালো সুযোগ থাকবে। তবে চতুর্থ দিনের বড় অংশ বৃষ্টিতে নষ্ট হওয়ায় সেই পরিকল্পনায় কিছুটা বাধা পড়েছে।
আরও পড়ুন:








