রবিবার

১০ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ৩৪ রানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৮:৪৪

শেয়ার

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ৩৪ রানের
ছবি সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিন শেষে ৩৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

দিনের শুরুতে পাকিস্তানের অভিষিক্ত ওপেনার আজান ৮৫ রানে অপরাজিত থেকে ব্যাটিং শুরু করেন। তৃতীয় দিনের পঞ্চম ওভারে নাহিদ রানার বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৫৩ বলে ১৪ চার হাঁকিয়ে শতক পূর্ণ করা এই তরুণ ব্যাটার শেষ পর্যন্ত ১৬৫ বলে ১০৩ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন। ফজলের সঙ্গে তার ১০৪ রানের জুটি পাকিস্তানের ইনিংসকে মজবুত ভিত্তি দেয়।

আজানের বিদায়ের পর দ্রুতই তিন উইকেট হারায় পাকিস্তান। অধিনায়ক শান মাসুদকে ৯ রানে ফেরান তাসকিন আহমেদ। পরের ওভারে সৌদ শাকিলকে এলবিডব্লিউ করে ফেরান মেহেদী হাসান মিরাজ। চার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শাকিল।

অভিষেক ম্যাচে ফজলও তুলে নেন ফিফটি। ১০২ বলে সাত চারে অর্ধশতক পূর্ণ করলেও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। মিরাজের বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেওয়ার আগে ১২০ বলে ৬০ রান করেন এই ব্যাটার।

এক সময় ১ উইকেটে ২১০ রান করা পাকিস্তান পরে ২৩০ রানে হারায় পঞ্চম উইকেট। সেখান থেকে সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান ষষ্ঠ উইকেটে ১১৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। দুই ব্যাটারই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।

তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি কেউই। রিজওয়ান ৭৯ বলে ৫৯ রান করে তাইজুল ইসলামের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেন। অন্যদিকে সালমান আগা ৯৪ বলে ৫৮ রান করেন। এছাড়া নোমান আলি ২, শাহিন আফ্রিদি ১৩ ও হাসান আলি ৬ রান করেন। মোহাম্মদ আব্বাস অপরাজিত থাকেন ৬ রানে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি ৩৮ ওভারে পাঁচ মেডেনসহ ১০২ রান দিয়ে নেন পাঁচ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট নেন নাহিদ রানা।

শেষ বিকেলে আলোস্বল্পতার কারণে খুব বেশি সময় ব্যাট করতে হয়নি বাংলাদেশকে। ১.৫ ওভারে বিনা উইকেটে ৭ রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসের লিড ধরে রেখে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ৩৮৬ (আজান ১০৩, ফজল ৬০, রিজওয়ান ৫৯, সালমান আগা ৫৮; মিরাজ ৫/১০২, তাসকিন ২/৬৮, তাইজুল ২/৬০)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪১৩ (নাজমুল ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১; আব্বাস ৫/৯২, শাহিন আফ্রিদি ৩/১১৩)



banner close
banner close