রবিবার

১০ মে, ২০২৬ ২৬ বৈশাখ, ১৪৩৩

বিশ্বকাপে অংশগ্রহণে ফিফাকে ১০ শর্ত ইরানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ২৩:১০

শেয়ার

বিশ্বকাপে অংশগ্রহণে ফিফাকে ১০ শর্ত ইরানের
ছবি সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ১০টি শর্ত দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। সম্প্রতি ফিফা কংগ্রেসে যোগ দিতে গেলে বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক দেশ কানাডা ইরান ফুটবল ফেডারেশনের সভাপতিকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই শর্তারোপ করা হয়েছে বলে জানা গেছে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, শর্তগুলোর মধ্যে রয়েছে-ইরান ও ইরানি নাগরিকদের প্রতি সদাচরণ নিশ্চিত করা, টুর্নামেন্ট চলাকালে ইরানি নাগরিকদের ভিসা প্রদান, দলের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ যাতায়াত, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।

মেহদী তাজ বিশেষভাবে উল্লেখ করেন যে, দলের সব খেলোয়াড় ও কারিগরি স্টাফ, বিশেষ করে যারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসে (আইআরজিসি) সামরিক দায়িত্ব পালন করেছেন-যার মধ্যে জাতীয় দলের অন্যতম মূল খেলোয়াড় মেহদি তারেমি ও এহসান হাজসাফি রয়েছেন-তাঁদের প্রত্যেককে কোনো ধরনের বাধা বা জটিলতা ছাড়াই ভিসা প্রদান করতে হবে।

ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরান ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করবে, তবে নিজেদের বিশ্বাস, সংস্কৃতি ও নীতির ব্যাপারে কোনো ধরনের আপোস করা হবে না। একই সঙ্গে আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয় ইরানের উদ্বেগগুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়ার।

ফেডারেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ফিফা উল্লিখিত শর্তগুলো পূরণ করলে ইরান বিশ্বকাপের তিন আয়োজক দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো- যেকোনো ভেন্যুতে খেলতে প্রস্তুত।

প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরান গ্রুপ-জিতে স্থান পেয়েছে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড, মিসর ও বেলজিয়াম।



banner close
banner close