আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজের দল আর্জেন্টিনাকে সবচেয়ে বড় শিরোপাপ্রার্থী মনে করছেন না খোদ দলটির অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সাংবাদিক পোলো আলভারেজের ইউটিউব চ্যানেল 'লো দেল পোলো'-তে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে মেসি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি দল আর্জেন্টিনার চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তাঁর ভাষায়, আমাদের আগে আরও কিছু ফেবারিট দল আছে, যারা দল হিসেবে আরও ভালো অবস্থায় আসছে।
তালিকায় সবার আগে ফ্রান্সের নাম নেন মেসি। তিনি বলেন, ফ্রান্স আবার খুব ভালো অবস্থায় রয়েছে এবং তাদের কাছে অনেক উচ্চমানের খেলোয়াড় আছে। উল্লেখযোগ্য যে, ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল।
স্পেন ও ব্রাজিল সম্পর্কে মেসি বলেন, সাম্প্রতিক সময়ে দল দুটি সেরা ফর্মে না থাকলেও তারা সব সময়ই বিশ্বকাপের অন্যতম দাবিদার এবং যেকোনো প্রতিযোগিতায় লড়াই করার মতো খেলোয়াড় তাদের রয়েছে।
ইউরোপের ঐতিহ্যবাহী ফুটবল শক্তি জার্মানি ও ইংল্যান্ডকেও বিপজ্জনক বলে মনে করেন মেসি। পর্তুগালকে তিনি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ও শক্তিশালী দল হিসেবে উল্লেখ করেন।
তবে নিজের দল সম্পর্কে হতাশাবাদী নন মেসি। তিনি বলেন, এই আর্জেন্টিনা দলটি যখনই একসঙ্গে মাঠে নামে, তখন সে লড়াই করে এবং জিততে চায়। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে, বিশ্বকাপে সব সময়ই অপ্রত্যাশিত কোনো দল চমক দিয়ে থাকে।
প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। জুন মাসে ৩৯ বছরে পদার্পণ করতে যাওয়া মেসি এখনও আনুষ্ঠানিকভাবে এই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি। তবে তিনি জানিয়েছেন, ফুটবলের প্রতি তাঁর আবেগ এখনও অটুট এবং যতদিন পারবেন খেলে যাবেন।
আরও পড়ুন:








