সাম্প্রতিক সময়ে গতি ও আগ্রাসী বোলিংয়ে নজর কাড়া বাংলাদেশি পেসার নাহিদ রানা আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই স্বীকৃতির দৌড়ে উঠে এসেছেন তিনি।
আইসিসি বৃহস্পতিবার এক বিবৃতিতে মাসসেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদ রানা ৮ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জেতেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত পারফরম্যান্স আসে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে। ওই ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নিয়ে কিউই ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। তার বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ ৫৫ রানের দাপুটে জয় তুলে নেয়।
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচেও ধারাবাহিকতা ধরে রেখে আরও দুটি উইকেট নেন এই তরুণ পেসার। তার বোলিং নৈপুণ্যে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।
এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে নাহিদ রানার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ওমানের জাতিন্দার সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার।
ওমানের অধিনায়ক জাতিন্দার সিং আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ–২ এ ৫ ওয়ানডেতে ২৬৬ রান করেছেন। এর মধ্যে নেপালের বিপক্ষে ৯৬ বলে ১৩০ রানের ঝলমলে ইনিংসও রয়েছে তার।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমার মাত্র ২ ওয়ানডেতে ৯ উইকেট নিয়ে আলোচনায় এসেছেন। ওমানের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে একাই ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।
নারী বিভাগে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার ইমেশা দুলানি, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং ব্রাজিলের লরা কার্ডোসা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ১১৬ রান এবং টি-টোয়েন্টিতে ৮২ রান করে সিরিজসেরা হওয়া দুলানি আলোচনায় আছেন। পাশাপাশি ব্রাজিলের লরা কার্ডোসা এক টি–টোয়েন্টি ম্যাচে ৯ উইকেট নিয়ে নজির গড়েছেন।
আইসিসির এই মাসসেরা পুরস্কার ঘোষণা ঘিরে এখন অপেক্ষা চলছে চূড়ান্ত ফলাফলের দিকে, যেখানে বাংলাদেশের তরুণ পেসারের দিকে তাকিয়ে আছেন সমর্থকেরা।
আরও পড়ুন:








