নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও অলিখিত ফাইনাল ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা টাইগাররা ৬ ওভারে ৪৫ রানে তিন উইকেট খুইয়েছে।
সাইফ হাসান ১৬ রান করে জেইডেন লেনক্সের প্রথম বলেই আউট হন। অফ স্টাম্পের বাইরের বলে বড় শট খেলতে গিয়ে টিম রবিনসনের হাতে ধরা পড়েন তিনি। এরপর তানজিদ হাসান তামিম ১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন। পরের বলেই শূন্য রানে আউট হন পারভেজ হোসেন ইমন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিটন দাস ও তাওহীদ হৃদয় ক্রিজে রয়েছেন। নিউজিল্যান্ড টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এই ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত করবে টাইগাররা, হারলেও সিরিজ ড্র হবে।
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। তানজিম হাসান সাকিবের জায়গায় খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন। নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন করেছে। বেন লিস্টার ও ম্যাট ফিশারের বদলে জেডন লেনক্স ও বেন সিয়ার্স সুযোগ পেয়েছেন।
নিউজিল্যান্ড এ সফরে প্রথম ওয়ানডে বাদে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। সফরের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাইবে তারা। ম্যাচটি চলছে মিরপুর স্টেডিয়ামে।
আরও পড়ুন:








