চট্টগ্রামে আজ দুপুরে নির্ধারিত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে সময়মতো শুরু করা সম্ভব হয়নি। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় খেলা শুরুর কথা থাকলেও ভারী বর্ষণে টসও অনুষ্ঠিত হয়নি।
সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি খারাপ হয়। দুপুরের পর থেকে টানা বৃষ্টির পাশাপাশি প্রবল বাতাস বইছে বন্দরনগরীতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রামে আজ ৭০ থেকে ৯০ শতাংশ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির মধ্যেই দুপুরে দুই দলের ক্রিকেটাররা টিম বাসে করে স্টেডিয়ামে পৌঁছান। নির্ধারিত সময় অনুযায়ী ১টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও মাঠ সম্পূর্ণভাবে কাভারে ঢেকে রাখা হয়।
ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত খেলা শুরুর সম্ভাবনা বিবেচনায় রাখা হবে। স্টেডিয়ামের উন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি থামার পর দ্রুত মাঠ খেলার উপযোগী করা সম্ভব। তবে দীর্ঘ সময় বৃষ্টি চলতে থাকলে ওভার কমিয়ে ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। পরিস্থিতি অনুকূলে না এলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে।
প্রথম টি–টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে জয় পাওয়া বাংলাদেশ আজ সিরিজ নিশ্চিতের সুযোগ নিয়ে মাঠে নামার কথা ছিল। আর নিউজিল্যান্ডের জন্য এটি সিরিজে টিকে থাকার লড়াই। তবে সবকিছু এখন নির্ভর করছে আবহাওয়ার ওপর। ম্যাচ না হলে ২ মে ঢাকায় তৃতীয় টি–টোয়েন্টিই সিরিজ নির্ধারণ করবে।
আরও পড়ুন:








