মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সরকারি চাপে ভেঙে গেল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ২৩:০৯

শেয়ার

সরকারি চাপে ভেঙে গেল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড
ছবি সংগৃহীত

সরকারি হস্তক্ষেপ ও চাপের মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পুরো কার্যনির্বাহী কমিটি পদত্যাগ করেছে। মঙ্গলবার এক বিশেষ বৈঠকে বোর্ড সভাপতি শাম্মি সিলভা তার মেয়াদ শেষ হওয়ার প্রায় ১১ মাস আগেই পুরো কমিটিসহ পদত্যাগের ঘোষণা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডের অভ্যন্তরীণ দুর্নীতি, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার দায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হয়েও সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়ার পর জনরোষ চরমে পৌঁছে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এরপর সরকার বোর্ডের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলে এবং সংস্কারের অংশ হিসেবে কর্মকর্তাদের সরে দাঁড়ানোর জন্য চাপ দেয়। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে বৈঠকেও বোর্ড পুনর্গঠন ও প্রশাসনিক পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পায় বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শ্রীলঙ্কার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছিল, যা ২০২৪ সালে তুলে নেওয়া হয়। ফলে নতুন করে সরকারি হস্তক্ষেপের কারণে আবারও কোনো নিষেধাজ্ঞা আসতে পারে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।