মঙ্গলবার

৭ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই: সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ০৮:৩১

শেয়ার

সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই: সাকিব
ছবি সংগৃহীত

দেশের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসান প্রায় দুই বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্য ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি।

তবে বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে সাকিবকে দেশে স্বাগত জানানো হবে।

এদিকে সোমবার রাত ১০টা ৪০ মিনিটে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাকিব তার অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, এই মুহূর্তে তার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে এবং ক্যারিয়ারের শেষ সময় পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চটা উজাড় করে দিতে চান। একই সঙ্গে তিনি ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছার কথাও জানান।

ফেসবুকে পোস্ট দেয়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই পোস্টটিতে দেড় লাখেরও বেশি রিয়েকশন পড়েছে। একই সময়ে মন্তব্যের ঘরে ২০ হাজারেরও বেশি ব্যবহারকারী পক্ষে-বিপক্ষে মতামত জানিয়েছেন।

বাংলা এডিশন পাঠকদের জন্য সাকিব আল হাসানের পোস্টটি হুবহু তুলে ধরা হলো–

আসসালামু আলাইকুম সবাইকে,

সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।

একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।

আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।

এর আগে সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপে ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা আলাপ করেছেন সাকিব। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, (এখন) যেহেতু দলের কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। দলীয় কার্যক্রম শুরু হলে আবার রাজনীতিতে ফিরতে পারি।’

রাজনীতি ও ক্রিকেট নিয়ে নিজের ভাবনা ব্যাখ্যা করে সাকিব যোগ করেন, ‘রাজনীতি মৃত্যু পর্যন্ত করা যায়; সময় আছে অনেক। কিন্তু ক্রিকেটের জন্য সময় কম। আগে সেটা ঠিক করতে চাই। রাজনীতি একটা বড় প্ল্যাটফর্ম, এখান থেকে পরিবর্তন আনা যায়। মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে, সেই আশা এখনও আছে।’

চব্বিশের জুলাইয়ে রাজপথ উত্তাল হওয়ার আগেই দেশ ছেড়েছিলেন সাকিব। এরপর প্রায় দুই বছরে আর দেশে ফেরার সুযোগ হয়নি তার। তবে সম্প্রতি তার দেশে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।,



banner close
banner close